ঢাকায় গৃহবধূকে হত্যার অভিযোগ
রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় এক গৃহবধূকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত সাদিয়া ইসলাম মনি (২৩) মুন্সিগঞ্জের আব্দুল মতিনের মেয়ে। তবে মনির বাবা-মাসহ পুরো পরিবারও খিলগাঁও চৌধুরীপাড়ায় থাকেন।
শনিবার দুপুরে খিলগাঁও চৌধুরীপাড়ায় মনির স্বামী মাসুদ পারভেজের বাসা মনির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনির স্বজনদের অভিযোগ মনিকে হত্যা করা হয়েছে; আর মাসুদের দাবি মনি স্ট্রোক করেছে”।
মনির বড় ভাই আশিকুর রহমান মুন্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সাড়ে ১০টার দিকে আমাদের বাসায় ফোন করে মনি অসুস্থ বলে জানায় মাসুদের ভাই সোহেল। বেলা ১১টার দিকে ওই বাসায় গেলে মনি হার্ট অ্যাটাক করে মারা গেছে জানায় মাসুদ।”
পাঁচ বছরের বিবাহিত জীবনে মাসুদ মনিকে টাকা পয়সার জন্য অনেক মারধর করেছে অভিযোগ করে শুক্রবার রাতেও তাকে মারধর করা হয় বলে দাবি মুন্নার।
রাতে ওই বাড়ি থেকে কান্নার শব্দ শুনা গেছে বলে বোনের প্রতিবেশীরা তাকে জানিয়েছেন দাবি করে মুন্না বলেন, আমাদেরকে মনির অসুস্থতার কথা বলা হয়েছে। তার আগেই তাকে মগবাজার কমিউনিটি ক্লিনিকে নিয়ে হার্ট অ্যাটাকে মনির মৃত্যু হয়েছে এমন সনদ যোগাড় করে তার লাশ খিলগাঁওয়ের শ্বশুরবাড়িতে আনা হয়।
রাতের কোনো এক সময়ে মনিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে দাবি তার ভাই মুন্নার।
তিনি বলেন, “মাসুদ ছাত্ররাজনীতিতে জড়িত থাকায় অস্ত্র মামলার আসামি হয়ে জেলেও ছিল। ওই সময় থেকে সে বিভিন্ন সময়ে মনিকে বাবার বাসা থেকে টাকা আনতে চাপ দিত; না এনে দিলে মারধর করত।”
মাহিয়ান নামে মনির দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে জানিয়ে মুন্না বলেন, মাসুদের বাবা-মা মাহিয়ানকে মুন্সিগঞ্জ বেড়াতে নিয়ে যায়। ফলে বাসায় মনি আর তার স্বামী ছাড়া কেউ ছিল না। গতরাতে মাসুদের সঙ্গে মনির ঝগড়া হয় এবং মাসুদ মনিকে মারধর করেছে বলে জানতে পেরেছি।
তার অভিযোগ, মাসুদ মনিকে হত্যা করে স্ট্রোক করেছে বলে প্রচার করতে চাচ্ছে।
এদিকে মনির লাশে বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন রয়েছে কিনা জানতে চাইলে রামপুরার প্রলয় কুমার বলেন, ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হবে। তবে গলায় হালকা একটি দাগ রয়েছে।
গৃহবধূ মনির মৃত্যুর ঘটনায় তার স্বামী মাসুদ ও দেবর সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
