২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ নদীর দূষণরোধে মহাপরিকল্পনা তৈরিতে কমিটি

চট্টগ্রামের কর্ণফুলি এবং ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা বাড়াতে মহাপরিকল্পনা তৈরি করতে একটি কমিটি করে দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 10:09 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীকে চেয়ারম্যান এবং নৌমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীকে এই কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় এই কমিটি করেছে বলে বৃহস্পতিবার নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, কমিটিকে কর্ণফুলিসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা বাড়ানোর জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করতে মাসে কমপক্ষে একটি সভা করতে হবে।

“আগামী তিন মাসের মধ্যে খসড়া মাস্টার প্ল্যান সরকারের কাছে দিতে হবে। এই মাস্টার প্ল্যান তৈরিতে প্রয়োজনে কারিগরি কমিটি গঠন করা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি সার্বক্ষণিক তদারকি ও সমন্বয়ের জন্য সাচিবিক দায়িত্ব পালন করবে।”

নৌবাহিনী প্রধান; ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব/সচিব ছাড়াও স্বরাষ্ট্র, মৎস্য, গণপূর্ত, স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ ও বন এবং নৌ মন্ত্রণালয়ের সচিবদের কমিটিতে রাখা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান; ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের জেলা প্রশাসক, সুশীল সমাজের দুজন প্রতিনিধি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালককে (প্রশাসন) কমিটির সদস্য করা হয়েছে।

কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভূক্ত করতে পারবে।

ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদী দূষণের পাশাপাশি নাব্যতা সংকটে রয়েছে। এসব নদীর বেশ কিছু অংশ প্রভাবশালীদের দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন।