২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে সড়কে খোঁড়াখুঁড়িতে ৪৫০ টেলিফোন বিকল

রাজধানীর গুলশানের একটি সড়কে সিটি করপোরেশনের ঠিকাদারের খোঁড়াখুঁড়িতে সাড়ে চারশ টেলিফোন সংযোগ ও ইন্টারনেট সেবা অকেজো হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 09:31 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

একারণে গুলশান ১ নম্বর থেকে ৯ নম্বর সড়কের গ্রাহকরা ভোগান্তির মধ্যে রয়েছেন বলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঠিকাদার গুলশান ৮ নম্বর সড়কে এক্সকাভেটর মেশিন দিয়ে রাস্তা খননের সময় বিটিসিএলের ডাক্ট লাইন, অপটিক্যাল ফাইবার, প্রাইমারি কেবল ও সেকেন্ডারি কেবল এবং একটি কেবিনেট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

“এ কারণে সেই কেবিনেট থেকে চালু ৪৫০টি টেলিফোন ও সেই এলাকার ইন্টারনেটসহ যাবতীয় টেলিফোন যোগাযোগ গত ১০ ডিসেম্বর রাত থেকে বিচ্ছিন্ন হয়ে আছে।”

ক্ষতিগ্রস্ত কেবল মেরামতের কাজ এর মধ্যে শুরু হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে ওই এলাকায় টেলিযোগাযোগ ফের চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে বিটিসিএল।

এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।