সঙ্কটে সাত তলা বস্তির বসতপোড়া বাসিন্দারা, জানা যায়নি আগুনের কারণ
রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে মধ্যরাতে লাগা আগুনে বসতঘর হারানোর পর সঙ্কটে পড়েছেন সেখানকার বাসিন্দারা।
অগ্নিকাণ্ডের পর ঘর পোড়া ছাইয়ের সামনে খোলা আকাশের নিচে সারা দিন পার করলেও ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন ও ক্ষতিপূরণের বিষয়ে সরকারি কোনো পক্ষের কোনো সিদ্ধান্ত না পাওয়ার পাশাপাশি জানা যায়নি আগুন লাগার কারণও।
মহাখালীতে স্বাস্থ্য বিভাগের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা সাত তলা বস্তির প্রায় সাতশ ঘরে কয়েক হাজার মানুষের বসবাস।
বাসিন্দাদের অনেকেই দীর্ঘদিন থেকে সেখানে ঘর তুলে বসবাস করে আসলেও স্বাস্থ্য মন্ত্রণালয় বস্তির জায়গাটির মালিক বলে জানান ঢাকা মহানগর উত্তরের ২০ নম্বর ওয়ার্ড কমিশনার মো. নাসির। রোববার মধ্যরাতে সেখানে আগুন লেগে সহায়-সম্বল হারিয়ে অনিশ্চয়তার পড়েছেন অনেকেই।
নিজের পোড়া ঘরের উপর দাঁড়িয়ে তেঁজগাও এলাকায় ফুটপাতে ভাতের ব্যবসায়ী মো. আনোয়ার বলেন, "স্ত্রী ও পাঁচ ছেলে-মেয়ে নিয়ে প্রায় ২০ বছর ধরে বসবাস করে আসছি। আগে কোনোদিন এই জায়গায় এভাবে আগুন লাগেনি।"
আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্তত ১৫/১৬ বছর আগে এই এলাকার লোকদের ‘ম্যানেজ’ করে ৫০ হাজার টাকায় এই জায়গাটির দখল নিয়েছিলেন তিনি। এরপর ১২টি ঘর তুলে সেগুলো ১২শ থেকে ১৮শ টাকায় ভাড়া দিতেন।
আগুনে বহু বছর ধরে কষ্ট করে করা আসবাবপত্র পুড়ে গেছে। অনেক টাকা পয়সাও পুড়েছে। আবারও স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লাগবে বলে কেঁদে ফেলেন তিনি।
একই বস্তিতে নাজমা আক্তারও দুই দশকের বেশি সময় ধরে বসবাস করে আসছেন। এই বস্তিতে তারও অন্তত ১২টা ঘর রয়েছে।
“রাত ১টার দিকে ব্র্যাক স্কুলের থেকে ধোয়া দেখতে পেয়ে সবাই ছোটাছুটি শুরু করে। কেবল বাচ্চাদের হাত ধরে বাড়ি থেকে বের করা সম্ভব হয়েছে। অধিকাংশ মানুষেরই ঘর বাড়ি আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।”
আগুন লাগার পেছনে কারও হাত রয়েছে কিনা বা বস্তি নিয়ে কারো সঙ্গে কোনো বিরোধ রয়েছে কিনা জানতে চাইলে নাজমা বলেন, “সাত বছর আগে একবার এই বস্তি উচ্ছেদের চেষ্টা হয়েছিল। এরপর আদালতের নির্দেশে এখানে বস্তিবাসী বসবাস করতে শুরু করে।”
কেউ এখানে আগুন দেওয়ার কথা না বলেও দাবি করেন তিনি।
আগুন নেভার পর সোমবার থেকে বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মীদেরকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মাঝে আপদকালীন খাদ্য-পানীয় দিতে দেখা যায়।
বস্তির ভাড়াটিয়া কাকলি বেগম বলেন, “অন্যের দেওয়া খিচুরি কতদিন খামু। সরকারকে দাবি জানাই আমাগো ক্ষতিপূরণ দিক, ঘর তুলে দিক। আবারও আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই।”
বস্তিতে বাসিন্দা জসীম উদ্দিন বলেন, “৩০ বছর আগে এলাকার লোকজনকে ২০ হাজার টাকা দিয়ে ছোট একটা জায়গা দখলে নিয়েছিলাম। এরপর সেখানে আটটি ঘর ২ হাজার থেকে ২২শ টাকায় ভাড়া দিতাম। পাশাপাশি মুদির দোকান করে সংসার এক ছেলে ও তিন কন্যার সংসার চালাই।”
এখানে বিদ্যুৎ, গ্যাস, পানি সবই আছে জানিয়ে তিনি বলেন, “বস্তিতে আগুন লাগায় বিরাট সঙ্কটে পড়েছি। সংসার নিয়ে খুব চিন্তা হচ্ছে।”
সরকারের যেন আগুনে ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত সাহায্য করে সেই দাবিও জানান তিনি।
“ভাই, মাইয়াটার সব বই পুড়ে গেছে। বাসা থেইকা একটা সুতাও নিয়া বের হইতি পারি নাই। আমাগো সব স্বপ্ন শেষ হইয়া গেল।”
তদন্ত কমিটিও হলো না
মহাখালীর সাত রাস্তা বস্তিতে আগুন কিভাবে লেগেছে সেটি তদন্তে কোনো কমিটি করেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, আগুনে বস্তির ২০ জন মালিকের ৮৫টি ঘর পুড়েছে। ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ১৬ লাখ টাকার বিভিন্ন ধরনের আসবাবপত্র উদ্ধার করা হয়েছে।
কিভাবে আগুন লেগেছে সেটি জানা সম্ভব হয়নি। এই ঘটনায় কোনো তদন্ত কমিটিও হয়নি বলে জানান তিনি।
বনানী থানার ওসি বিএম ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে কেউ হতাহত হয়েছেন এমন কোনো খবর নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বস্তিতে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ সঠিকভাবে বলতে পারবে ফায়ার সার্ভিস।
যেখানে আগুন, সেখানেই পুনর্বাসন
আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ সিটি কর্পোরেশন না সরকারি অন্য কোনো সংস্থা থেকে হবে তা এখনও ঠিক না হলেও স্থানীয়দের নিয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের খাওয়া ও থাকার প্রাথমিক ব্যবস্থা করা হয়েছে বলে জানান স্থানীয় ওয়ার্ড কমিশনার মো. নাসির।
ঢাকা মহানগর উত্তরের ২০ নম্বর ওয়ার্ডের এই কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বস্তিতে আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাওয়া ও থাকার প্রাথমিক ব্যবস্থা করা হয়েছে। তারা যেন এখানেই থাকতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে।
“যাদের বাড়ি ক্ষতি হয়েছে তাদের তালিকা তৈরি করে ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।”
তালিকা তৈরির পর সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে যোগাযোগ করা হবে বলে জানান কমিশনার নাসির।
তিনি বলেন, “আগুনে যাদের ঘর পুড়েছে তাদের কম্বল, সোয়েটার দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক। এছাড়াও প্রাথমিকভাবে খাওয়া-দাওয়ার জন্য প্লেট ও গ্লাসও দেওয়া হচ্ছে।”
এর আগে গত ৪ ডিসেম্বর সাততলা বস্তির দুই কিলোমিটারের মধ্যে থাকা মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে কয়েকশ ঘর পুড়ে যায়।
