২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে ভর্তির নতুন তারিখ

বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলনের মুখে ভর্তি কার্যক্রম স্থগিত করে দেওয়ার পর আবার তা শুরুর ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 10:56 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

নির্ধারিত সূচি অনুযায়ী গত বৃহস্পতিবার মেধা তালিকা থেকে স্নাতক প্রথম পর্বে ভর্তি শুরুর কথা ছিল। কিন্তু আন্দোলনকারীরা ব্যাংক অবরোধ করে রাখায় ভর্তি কার্যক্রম স্থগিত করেছিল কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ‌্যালয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।   

“২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্থগিত ঘোষিত প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির মেধা তালিকার ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। মেধা তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তির শেষ তারিখ ২১ ডিসেম্বর।”

ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব (শিক্ষা) মোহাম্মদ আলী এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ১১ ডিসেম্বর ভর্তি পরিচালনা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়সূচি জানানো হবে।

ভর্তির নতুন তারিখ হওয়ার পর আন্দোলনকারী প্রগতিশীল ছাত্রজোটের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিবছর বিভাগগুলো নির্ধারিত ভর্তি ফির বাইরে ‘বিভাগ উন্নয়ন ফি’র নামে ইচ্ছামতো অর্থ আদায় করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট নীতিমালাও নেই।

গত কয়েক বছরে ফি বাতিলের দাবি জানিয়ে সাড়া না পেয়ে এবার ভর্তি আটকে দেওয়া হয় বলে জানান বাম সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের নেতারা।

পুরনো খবর:

‘ফি’ বাতিলের আন্দোলনে জাহাঙ্গীরনগরের ভর্তি স্থগিত