বিএনসিসি বিল সংসদে পাস
স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) পরিচালনায় একটি অধিদপ্তর প্রতিষ্ঠার জন্য সংসদে বিল পাস হয়েছে।
মঙ্গলবার সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
গত ২৫ সেপ্টেম্বর বিলটি সংসদে তোলেন আইনমন্ত্রী। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
পাস হওয়া বিলের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকায় বিএনসিসি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে।
বিলটিতে সংশোধনী প্রস্তাব দেওয়ার সময়ে জাতীয় পার্টির ফখরুল ইমাম আইনমন্ত্রীর উদ্দেশে বলেন, “আপনি বলেছেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিলটি আনা হয়েছে। সুনাগরিকের সংজ্ঞা কী? সামরিক প্রশিক্ষণ নিলেই কি সুনাগরিক হওয়া যায়। প্রশিক্ষণ নিলে নাগরিক হওয়া যায়। সুনাগরিক নয়। কাদের যেন বুদ্ধি কিসের নিচে থাকে। এটা আমরা সবাই জানি।”
এর জবাব দিতে গিয়ে আনিসুল হক বলেন, “মাননীয় সদস্য যা বলেছেন... কোথা বুদ্ধি থাকে... সেটা মনে হয় উনার সামনে একজন থাকলে বলতেন না।”
জাতীয় পার্টির সংসদ সদস্যদের প্রথম সারিতে বসেন দলটির চেয়ারম্যান সাবেক সেনাশাসক এইচ এম এরশাদ।
বিলে বলা হয়েছে, এই অধিদপ্তরের দায়িত্বে একজন মহাপরিচালক থাকবেন। প্রতিরক্ষা সচিবের নেতৃত্বে ১৭ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও থাকবে।
প্রতিরক্ষা, শিক্ষা, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; সেনা, নৌ ও বিমান সদর; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে একজন করে প্রতিনিধি এই উপদেষ্টা কমিটিতে রাখা হবে।
বিএনসিসির মহাপরিচালক হবেন এই উপদেষ্টা কমিটির সদস্য সচিব।
বিলে বলা হয়েছে, নির্ধারিত যোগ্যতা থাকা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুনিয়র ও সিনিয়র ডিভিশনের ক্যাডেট হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন।
বিএনসিসিতে সশস্ত্র বাহিনী থেকে সংযুক্ত বা প্রেষণে নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি শৃঙ্খলাবিরোধী কাজ করেন, তবে নিজ বাহিনীর অধীনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও বিধান রাখা হয়েছে বিলে।
বিলে বলা হয়েছে, বিএনসিসিতে যুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শৃঙ্খলাবিরোধী কোনো কাজ করলে অধিদপ্তর বা কোরের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনাল ক্যাডেট কোরের কোনো সদস্য শৃঙ্খলাবিরোধী কাজ করলে কোরের বিধি অনুযায়ী তাদের শাস্তির আওতায় আনা হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী আনিসুল হক বলেন, “বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর পরিচালনার জন্য এ যাবৎ কোনো আইন প্রণীত হয়নি। সরকারের নির্বাহী আদেশে এ কোর পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের কার্যক্রমের পরিধি বহুলাংশে বিস্তৃত হওয়ায় এ কোরের জন্য একটি সময়োপযোগী আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
পরে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬’ সংসদে পাসের প্রস্তাব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
গত ৮ অক্টোবর বিলটি সংসদে উত্থাপন করেন কৃষিমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সামরিক শাসনামলে জারি করা এ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে বিলটি পাস হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, “সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশসমূহের বিষয়ে মন্ত্রিসভার প্রদত্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে কৃষি খাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে প্রণোদনা এবং উৎসাহ-উদ্দীপনা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্ত বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬ প্রণয়ন করা হয়েছে।”
