নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলা একাডেমির
বাংলা একাডেমি দিনব্যাপী নানা আয়োজনে তাদের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
শনিবার সকাল ৯টায় শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের নেতৃত্বে একাডেমির ‘স্বপ্নদ্রষ্টা’ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে করেন তারা।
বিকাল ৪টায় একাডেমির রবীন্দ্রচত্বরে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
‘বাংলা একাডেমি: বাঙালির মননতীর্থ ’ শীর্ষক বক্তৃতা দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, লেখক-গবেষক অধ্যাপক পবিত্র সরকার। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
স্বাগত বক্তব্যে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “বাংলা একাডেমি বাংলাদেশের মুক্তিসংগ্রাম, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিকাশের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত।”
বাংলা সাহিত্যের একটি ‘সামগ্রিক’ ইতিহাস রচনার লক্ষ্যে বাংলা একাডেমি উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
মূল বক্তৃতায় অধ্যাপক পবিত্র সরকার বলেন, “পৃথিবীর অন্যান্য একাডেমিগুলোর সঙ্গে বাংলা একাডেমির মূল পার্থক্য হল, আর কোনো দেশের একাডেমির পেছনে ভাষা শহীদদের রক্তদানের ইতিহাস নেই। মাতৃভাষার সম্মান রক্ষার জন্য, মাতৃভাষায় প্রকাশের অধিকার অব্যাহত রাখার জন্য জীবন উৎসর্গের মমর্ন্তুদ ঘটনার এমন নজির নেই।
“ওই আত্মদানের ভিত থেকে বাঙালির জাতিসত্তা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সে যে সব স্বপ্ন দেখেছিল তারই একটির মূর্ত রূপ হল বাংলা একাডেমি। বাঙালির আত্মপ্রতিষ্ঠার স্বপ্নের রূপ বলেই বাংলা একাডেমি অন্য সব একাডেমি থেকে স্বতন্ত্র। অন্য কোনো একাডেমির মতো বিদ্যাগত সিদ্ধান্তের ফলও নয়। এ একাডেমি একটি জাতিসত্তার মিলিত স্বপ্নের পরিণাম।”
সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বাংলা একাডেমি বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক। এই প্রতিষ্ঠানটি বাংলা ভাষায় যে বানানরীতি চালু করেছে তা এদেশে সর্বাধিক প্রচলিত। একাডেমির বানানরীতির বাহিরে গেলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়।”
বাংলা একাডেমি গ্রন্থাগারকে আরো সমৃদ্ধশালী করতে হবে বলেও মনে করেন অধ্যাপক আনিসুজ্জামান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন, লিলি ইসলাম এবং খায়রুল আনাম শাকিল। অনুষ্ঠানে ভারতের মুজিবর রহমানের গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় ‘রবীন্দ্রনাথ ঠাকুর: জীবন ও সময়’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।
