আইনজীবীদের প্রতি নীতি থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান
আইনজীবীদের বাদ দিয়ে আইনের শাসনের কথা চিন্তা করা যায় না মন্তব্য করে তাদের প্রতি নীতি থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি আয়োজিত একটি সভায় এ আহ্বান জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, “আইনের শাসন,গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের অবদান কম নয়। আইনজীবীদের বাদ দিয়ে আইনের শাসন চিন্তা করা যায় না। আইনজীবীরা যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে কোনো মতেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারব না।”
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিচারপতি এম. ইনায়েতুর রহিমের বাবা এম. আব্দুর রহিম স্মরণে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি সিনহা।
জাতীয় আইনজীবী সমিতির সভাপতি শাহ মো.খসরুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো.আবদুল ওয়াহহাব মিঞা, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, ইউসুফ হোসেন হুমায়ুন, জমির উদ্দিন সরকার ও আবদুল বাসেত মজুমদার বক্তব্য দেন।
এম. আব্দুর রহিমকে স্মরণ করে প্রধান বিচারপতি বলেন, “রহিম সাহেব শুধু মুক্তিযুদ্ধে আত্মনিয়োগ করেননি, স্বাধীনতার পর ভঙ্গুর দেশটাকে গড়ে তুলতে যারা আত্মনিয়োগ করেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। দেশের উন্নয়নে কাজ করেছেন। সংবিধান প্রণেতাদের মধ্যেও তিনি প্রথম সারির।”
অনুষ্ঠানে বাবার জীবন-কর্মের স্মৃতিচারণ করে বিচারপতি এম.ইনায়েতুর রহিম বলেন, “বাবার ৫ বছর বয়সে দাদা মারা যান। তারা সবাই বাবাকে কৃষি ও ব্যবসার কথা বলতেন। কিন্তু তিনি সেটা না করে শিক্ষা, সমাজ সেবা ও রাজনীতিতে আত্মনিয়োগ করেন।
“বাবার সম্পত্তি ছিল ১২২ বিঘার মতো। আর এখন সেটা হবে ৪০/৪২ বিঘার মতো। অথচ তিনি বারের ভালো আইনজীবীও ছিলেন। তিনি সম্পত্তি বিক্রি করেছেন। রাজনীতি করেছেন। কিন্তু আজকের রাজনীতিতে সম্পত্তি যোগ হয়। আমার বাবার সম্পত্তিতে যোগ হয়নি।”
