২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার দুই শিশুকে ক্ষতিপূরণ কেন নয়: রুল হাই কোর্টের

ঢাকায় গ্রেপ্তার দুই শিশুর পরিবারকে কেন ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানাতে বলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 10:18 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এই রুল জারি করে।

রুলে ওই দুই শিশুকে গ্রেপ্তার করা কেন শিশু আইনের ১৩, ১৪, ৪৪, ৪৫, ৪৭ ও ৫২ ধারার পরিপন্থি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মুখ্য মহানগর হাকিম, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, লালবাগ বিভাগের উপকমিশনার ও কামরাঙ্গীরচর থানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারী আইনজীবী ‘চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুল হালিম নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

গত ২৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু গ্রেপ্তার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করেন আব্দুল হালিম।

রুলের পর তিনি সাংবাদিকদের বলেন, “আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। আদেশে ৪ জানুয়ারির মধ্যে ওই দুই শিশুর বয়স নির্ণয় করা হয়েছে কি না, সে বিষয়ে একটি প্রতিবেদন দিতে লালবাগের ডেপুটি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।”

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই মাস আগে পুলিশ অজ্ঞাত পরিচয়ের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল। ১০ দিন পর লাশটি নিখোঁজ এক শিশুর দাবি করে তার পরিবার খুনের মামলা করে। খুনি সন্দেহে পুলিশ দুই শিশুকে গ্রেপ্তার করে। বিচারিক হাকিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাদের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠায়।

শিশু আইন, ২০১৩-এর ৪৪/১ ধারা অনুযায়ী, নয় বছরের কম বয়সী কোনো শিশুকে গ্রেপ্তার কিংবা আটক করা যাবে না।

মামলার এজাহারে শিশু দুটির বয়স বলা হয়েছে ১২ বছর। কিন্তু অভিভাবকরা বলছেন, তাদের বয়স নয় বছরের কম।

আদালতে জন্মসনদ দাখিল করে মামলা থেকে এক শিশুর অব্যাহতি চাওয়া হয়েছে। ওই সনদে দেখা যায়, তার জন্ম তারিখ ২৯ জানুয়ারি, ২০০৮।