কয়েদির পলায়ন, দুই রক্ষী বরখাস্ত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক কয়েদি পালিয়ে যাওয়ায় কর্তব্যরত দুই কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ওই কয়েদি পালিয়ে যাওয়ার পর দায়িত্বে অবহেলার কারণে কারারক্ষী মো. নজরুল ও আব্দুল আজিজের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে জানান ঢাকার জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির।
পালিয়ে যাওয়া মো. সোহেল (৪২) মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত।
কারা কর্মকর্তা জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি অসুস্থ হলে রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ আড়াইটার দিকে হাসপাতালের টয়লেট থেকে সে পালিয়ে গেছে।”
নজরুল ও আজিজ এই আসামির পাহারায় ছিলেন বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
