আশুলিয়ার লাইটার কারখানায় দগ্ধ মাহমুদাও বাঁচল না
ঢাকার আশুলিয়ায় ছয়দিন আগে লাইটার কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক নারী শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর দাস জানান, সোমবার সকাল সোয়া ৯ টার দিকে মাহমুদা আক্তার (২৬) নামে ওই শ্রমিক মারা যান। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।
ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট তিনজনের মৃত্যু হল। এর আগে আঁখি (১৬) এবং রকি আক্তার (১৮) নামে আরও দুই দগ্ধ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ২২ অক্টোবর আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লাগলে বিভিন্ন বয়সী ২৬ জন নারী কর্মী দগ্ধ হন।
তাদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আহতদের বেশিরভাগেরই অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।
