রাষ্ট্রপতির সঙ্গে কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিওর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ থেকে নির্বাচিত প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।
রোববার নতুন কার্ডিনাল বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
বাংলাদেশে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত জর্জ কোচেরি, ঢাকার অক্সিলিয়ারি বিশপ রেভারেন্ড শরৎ ফ্রান্সিস গোমেজ এসময় উপস্থিত ছিলেন।
প্রেস সচিব জয়নাল আবেদীন পরে সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষই অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে। তিনি আশা করেন, নবনিযুক্ত কার্ডিনাল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আরও সম্প্রসারিত করতে সর্বাত্মক প্রয়াস চালাবেন।”
রাষ্ট্রপতি কার্ডিনালের মাধ্যমে ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে শুভেচ্ছা জানান।
অক্টোবরে পোপ ফ্রান্সিস নতুন ১৭ কার্ডিনালের নাম ঘোষণা করেন, যার মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে নাম ছিল আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিওর।
কার্ডিনালরাদের মধ্যে যাদের বয়স ৮০’র নিচে, তারা পোপ নির্বাচনে ভোট দেন। কার্ডিনালদের মধ্য থেকে পোপ হওয়ার সুযোগও রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি বলেছেন, ভ্যাটিকান সিটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আগামী বছর পোপের বাংলাদেশ সফরের মাধ্যমে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্যাট্রিক ডি রোজারিও কার্ডিনাল নিযুক্ত হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “ভ্যাটিকান সিটি বাংলাদেশের কৃষ্টি-সভ্যতা-উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গৃহীত ব্যবস্থা, এমডিজি অর্জনের সাফল্যের প্রশংসা করে। ভ্যাটিকান সিটি মনে করে এ সাফল্যের জন্য বাংলাদেশের গৃহীত পদক্ষেপ অন্য দেশের কাছে অনুকরণীয়।”
বাংলাদেশের আন্তঃধর্মীয় সম্পর্ক ‘অত্যন্ত প্রশংসনীয়’ উল্লেখ করে কর্ডিনাল বলেন, তার নতুন দায়িত্ব এই সম্পর্কেরই স্বীকৃতি।
তিনি ক্যাথলিক সম্প্রদায় পরিচালিত শিক্ষা ও সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠান এবং কার্ডিনাল হিসেবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
