২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবিরোধী আইনে রাহমানীর বিচার শুরু

অনুমোদন জটিলতায় প্রায় দুই বছর আটকে থাকার পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ দশজনের ‍বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলার বিচার শুরু হয়েছে অবশেষে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 01:01 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রোববার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ‌্যগ্রহণ শুরুর জন‌্য ৪ জানুয়ারি দিন ঠিক করে দিয়েছেন।

দশ আসামির মধ‌্যে কারাগারে থাকা জসীমউদ্দিন রাহমানী, সাইফুল ইসলাম ওরফে প্রিন্স ওরফে বাবু ওরফে নাঈম, মো. আবু হানিফ এদিন আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আলী আজাদও আদালতে উপস্থিত হন।

বাকি ছয় আসামি মো. জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুন্নুন, আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ আল আসাদুল্লাহ ওরফে পিয়াস পলাতক।

এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল জানান, আদালতে হাজির চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার চান।

শুনানি শেষে বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।  

উগ্রপন্থি খুতবা ও বয়ান প্রচারের মাধ্যমে জঙ্গি তৎপরতায় প্ররোচিত করার অভিযোগে ২০১৩ সালের ২৫ অগাস্ট মোহাম্মদপুর থানায় এই মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।

পরের বছর ৮ সেপ্টেম্বর পরিদর্শক আব্দুল লতিফ শেখ আদালতে দশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। সেখানে বলা হয়, আসামিরা দেশের সার্বভৌমত্ব বিপণ্ন করার ষড়যন্ত্র এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।

কিন্তু সন্ত্রাসবিরোধী আইনে মামলার বিচার করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ‌্যবাধকতা থাকায় মামলার কার্যক্রম আটকে যায়। সেই অনুমোদন মেলার পর গত ৮ নভেম্বর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে মামলার কার্যক্রম আবার শুরু করে।

এ মামলার প্রধান আসামি জসীমউদ্দিন রাহমানী এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় পাঁচ বছরের সাজার রায় পেয়েছেন। সন্ত্রাসবিরোধী আইনের এ মামলার অভিযোগপত্রে তার সন্দেহজনক আর্থিক লেনদেনের কথা এসেছে।

সেখানে বলা হয়েছে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রাহমানী আল আরাফা ইসলামী ব্যাংকের ধানমন্ডি, দিলকুশা, মতিঝিল, মিরপুর, নর্থসাউথ রোড, বরিশাল ও কুমিল্লার বিভিন্ন শাখায় দুই কোটি ৪৮ লাখ ৪৪ হাজার টাকা জমা ও উত্তোলন করেছেন।

এর মধ্যে বরিশালের অ্যাকাউন্টে তার পরিচয় দেওয়া হয়েছে ‘চাকরিজীবী’, অন্যান্য শাখায় ইমাম। ওই অর্থ জঙ্গি তৎপরতায় ব্যবহৃত হয়েছে বলে তদন্ত কর্মকর্তার ধারণা।