কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ
এক ব্যবসায়ীকে ‘হয়রানি’ করায় সংস্থার এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
সম্পদের তথ্য বিবরণী দুই বার জমা দেওয়ার পরও তৃতীয় বার দুদকের নোটিস পেয়ে একটি রিট আবেদন করেছিলেন ঢাকার বনানীর তৈরি পোশাক ব্যবসায়ী আশরাফুল হক।
হাই কোর্ট তার আবেদন খারিজ করে দিলে তিনি আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন। তার শুনানিতে আপিল বিভাগের এই নির্দেশ আসে।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন এম আবুল কাশেম সেলিম।
কাশেম সেলিম সাংবাদিকদের বলেন, দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আনোয়ারুল হক ২০১০ সালের ১৯ অক্টোবর মো. আশরাফুল হকের সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিস প্রথম দেয়। প্রথম নোটিস পাওয়ার পর বিবরণী দেওয়া হলেও ২০১১ সালের ৪ এপ্রিল আবার নোটিস দেন এই কর্মকর্তা। দ্বিতীয়বারও বিবরণী দেওয়া হয়। কিন্তু কয়েক মাস পর ওই বছরেরই ৭ আগস্ট তৃতীয় দফায় আবার নোটিস দেওয়া হয়।
তৃতীয় নোটিসটির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালে রিট আবেদন করেন ব্যবসায়ী আশরাফুল। এই নোটিসকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, আবেদনে সেই রুল চাওয়া হয়। একইসঙ্গে নোটিসের কার্যকারিতা স্থগিতও চাওয়া হয়।
২০১৩ সালের ১৩ জুন বিচারপতি ফারাহ মাহবুব ও একেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ তা খারিজ করে দেয়। পরে ২০১৪ সালে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের আব্নে করেন তিনি, যা বৃহস্পতিবার শুনানির জন্য ওঠে।
