লাইটার কারখানায় দগ্ধ আরেক কর্মীর মৃত্যু
ঢাকার আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক কর্মীর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে রকি আক্তার নামের ১৮ বছর বয়সী ওই তরুণীর মৃত্যু হয়।
তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক।
দুদিন আগের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে মোট দুইজনের মৃত্যু হল।
মঙ্গলবার বিকালে আশুলিয়ার জিরাবো এলাকার ‘কালার ম্যাক্স (বিডি) লিমিটেড’ নামের ওই কারখানায় আগুন লাগলে বিভিন্ন বয়সী ২৬ নারী কর্মী দগ্ধ হন।
তাদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে আঁখি নামের ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয় মঙ্গলবার রাতে।
দগ্ধদের মধ্যে পাঁচজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজনকে উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই কারখানায় ঠিক কীভাবে আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে গ্যাস লাইটার তৈরি হত বলে সেখানে দাহ্য সামগ্রীর অভাব ছিল না। অগ্নিকাণ্ডের আগে বিকট শব্দ হয়েছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, সাভার ও ইপিজেডের পাঁচটি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে টিনের তৈরি কারখানার তিনটি শেড পুড়ে যায়।
