২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেমে ফ্রেমে জীবনের গল্প

বহতা জীবনের কত গল্প; সেই গল্প কখনও রঙিন, কখনও রঙহীন, ধূসর- বিবর্ণ। দেশ-বিদেশের নানা প্রান্ত ঘুরে সেই বহতা জীবনের গল্পই তুলে এনেছেন ডিপার্টমেন্ট অফ ফটোগ্রাফি কাউন্টার ফটোর আলোকচিত্রীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 11:13 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

তাদের সেই ছবি নিয়ে রাজধানীর শাহবাগের ছবির হাটে শুরু হল ছয় দিনব্যাপী ‘ফ্রিডম’ শিরোনামের এক আলোকচিত্র প্রদর্শনী। 

সোমবার বিকালে চারুকলা অনুষদে কাউন্টার ফটোর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারা।

তিনি বলেন, “ফটোগ্রাফি মতো দারুণ এক শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে কাউন্টার ফটো। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তারা বলছে জীবনের গল্প।

“সারা পৃথিবীতেই যখন বলার স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, তখন এই আলোকচিত্রীরা সব বাধাকে উপেক্ষা করে ছবিতে তুলে আনছেন মানুষের নানা গল্প। কাউন্টার ফটোর এই অগ্রযাত্রা সত্যিই বিস্ময়কর।”

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, “শিল্পের মধ্য দিয়ে আমরা শিল্পী ও মানুষের মধ্যকার সম্পর্ক আরও বৃদ্ধি করতে চাই। সে আলোকচিত্র প্রদর্শনী কিংবা চিত্রকর্ম, যাই হোক না কেন।”

‘ফ্রিডম’ আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়েছেন ১০ জন আলোকচিত্রী, তাদের মধ্যে বাংলাদেশ, ভারত ও কলম্বিয়ার ফটোসাংবাদিকরাও রয়েছেন।

অর্ক দত্তের সিরিজ ছবির শিরোনাম ‘পিকনিক’। ভারতের এই আলোকচিত্রীর ছবিতে পর্যটকদের অসচেতনতাকে কটাক্ষ করে তিনি বলেছেন পর্যটন সাইটগুলোর বর্জ্য ব্যবস্থাপনার কথাও। একদল তরুণের বনভোজনের ছবিতে তিনি তুলে আনেন পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক।

একাত্তরের নারী মুক্তিযোদ্ধাদের গল্প বলেছেন কার্লোস সাবেদ্রা। বীরাঙ্গনাদের সেই গল্প তুলে আনার পাশাপাশি তিনি জানাতে চেয়েছেন, আমাদের ইতিহাসে খুব সামান্যই উঠে এসেছে তাদের গল্পে।  গৌরবের ইতিহাসের পাশাপাশি তাদের আত্মত্যাগের গল্প, তাদের পাওয়া-না পাওয়ার গল্প, আর স্বীকৃতি ইস্যুটি তুলে এনেছেন সাবেদ্রা। তার সিরিজ ছবির শিরোনাম ‘দ্য আনরিটেন স্টোরিস অফ উইমেন ফাইটারস’।

একাত্তরের মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো নারীদের অমানবিক দিনযাপনের গল্প তুলে এনেছেন মাশরুক আহমেদ, যার সিরিজ ছবির শিরোনাম ‘দ্য ওয়ার ইজ নট ওভার ইয়েট’। সারা দেশ ঘুরে একাত্তরের সেই গল্প তুলে এনেছেন এই সিরিজে, বলেছেন সে বীর মাতাদের জীবনসংগ্রামের গল্প।

রণি সেনের সিরিজ ছবিতে উঠে আসে ভারতের ঝাড়খণ্ড প্রদেশের কয়লা ক্ষেত্র ঝারিয়ার ভয়াল চিত্র।  ঊনিশ শতকের আগে ঝারিয়া ছিল এক সবুজ বনভূমি, কয়লা খনির আবিষ্কারের পর রীতিমতো পাথুরে বিরানভূমিতে পরিণত হয় ঝারিয়া।  কয়লা খনি পরিবেশ, মানুষের দিনযাপনের এক ভয়াল চিত্র উঠে আসে এই সিরিজে।

সৌম্য শঙ্কর বোসের সিরিজ ছবির শিরোনাম ‘লেটস সিং অ্যান্ড ওল্ড সং’।  আবহমান গ্রামবাংলার সংস্কৃতির অন্যতম মাধ্যম যাত্রাপালার নানা চরিত্রকে ফ্রেমবন্দি করেছেন তিনি।  আধুনিক সংস্কৃতির প্রকোপে হারাতে বসা যাত্রাপালা আর শিল্পীদের মানবেতর দিনলিপির গল্প উঠে এসেছে তার ছবিতে।

সাঈফুল হক অমির ‘১৩৬’ শিরোনামের ছবিতে উঠে আসে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুটি।  রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার ইস্যুটিকে মুখ্য করে তুলে ধরেন তার আলোকচিত্রে।

‘ইনকোয়ারিং ইনার লুকস’ সিরিজের ছবিগুলো শান্তনু মজুমদারের। শান্তনু মানব অস্তিত্বের নিষ্ঠুরতার গল্পটিকে বিমূর্ত করতে চেয়েছেন  তার আলোকচিত্রে।  স্বপ্নভঙ্গের বেদনায় কাতর আশাহত মানুষের গল্পও উঠে আসে তার আলোকচিত্রে।

পার্থ সেনগুপ্ত ‘টিয়ার্স অন দ্য লাইন’ সিরিজ ছবিতে সীমান্তে মানুষ হত্যার বিষয়টি তুলে আনেন।  একের পর এক সীমান্ত হত্যায় বাংলাদেশ ও ভারতের নীতিমালা নিয়েও প্রশ্ন উঠে আসে তার ছবিতে। ছবিতে তিনি বলেছেন, “নো ম্যানস ল্যান্ড আর আশপাশের গ্রামগুলোর হল পৃথিবীর সবচেয়ে বিপদজনক জায়গা।”

কাউন্টার ফটোর এই আয়োজনে সহযোগিতা করছে ইনিশিয়েটিভ ফর ম্যারিড অ্যাডলসেন্ট গার্লস ইমপাওয়ারমেন্ট (ইমেজ)। 

বাল্যবিবাহের সামাজিক কুফলের নানা দিক উঠে এসেছে তাদের সিরিজ ছবি ‘ইমেজ’ এ। কিশোরীর প্রজনন স্বাস্থ্য, সামাজিক অবস্থান ও ক্ষমতায়নের নানা দিককেও তারা আলোকপাত করতে চেয়েছেন এসব আলোকচিত্রে।

কাউন্টার ফটোর অধ্যক্ষ সাইফুল হক অমি বলেন, “২০১২ সালে যাত্রা শুরুর সময় একটি একাডেমিক প্রোগ্রাম হিসেবেই ছিল আমাদের কার্যক্রম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা আলোকচিত্রে বলতে চেয়েছি মানুষের জীবনের গল্প, সেই জীবনের গুরুত্বের কথা। 

“সৃজনশীলতার পাশাপাশি কাউন্টার ফটো এখন মানবতা ও সামাজিক নানা ইস্যুতেও সমান গুরুত্ব নিয়ে কাজ করছে।”

শুক্রবারের অনুষ্ঠানে আলোকচিত্রে বিশেষ অবদানের জন্য আলোকচিত্রী আনোয়ার হোসেনকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে খ্যাতনামা আলোকচিত্রী নাসির আলী মামুন তার নিজস্ব ছবি নিয়ে একক বক্তৃতা দেন।

অমি জানান, ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর অবধি বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্রীরা তাদের তোলা ছবি নিয়ে প্রতিদিন বিকাল সাড়ে ৫ টায় আলোচনা সভায় যোগ দেবেন।

২২ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘উই ইউনিট সি স্ট্যান্ডস সেমিনার উইথ কালচারাল অ্যাক্টিভিটস ফর দ্য ইমপাওয়ারমেন্ট অফ আরলি ম্যারিজড গার্লস’ শিরোনামে বাল্যবিবাহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সেদিন থাকছে সেহজাদ নূরানীর আলোকচিত্র বিষয়ক আলোচনা। এই আয়োজনে অসিম রফিকি, প্যাট্রিক ব্রাউনরা আলোকচিত্রের নানা দিক নিয়ে আলোকপাত করবেন।