পরীক্ষা ছাড়াই মেডিকেল রিপোর্ট, চার প্রতিষ্ঠানকে জরিমানা
মেয়াদোউত্তীর্ণ রাসায়নিক উপাদান রাখাসহ কোনো প্রকার পরীক্ষা না করে বিদেশ গমন ইচ্ছুকদের প্যাথলজিক্যাল টেস্ট রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর বনানী এলাকার চারটি প্রতিষ্ঠানকে ৩১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১ এর উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর ও ওষুধ প্রশাসনের সহায়তায় সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট মো. সারওয়ার আলম ।
জরিমানা করা চার প্রতিষ্ঠান হচ্ছে- গালফ মেডিকেল সেন্টার, আল-আবির চেককাপ সেন্টার, নোভা মেডিকেল সেন্টার এবং আলযাবের মেডিকেল সেন্টার।
র্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে দলটি দেখে বিদেশে গমন ইচ্ছুক ব্যক্তিদের কোনো পরীক্ষা না করেই সব কিছু স্বাভাবিক উল্লেখ করে ‘মেডিকেল ফিট’ রিপোর্ট কম্পিউটারে প্রিন্ট করে দেওয়া হচ্ছে।
তাছাড়া যে সব চিকিৎসকের নামে সাক্ষর করা হচ্ছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে প্যাথলজিক্যাল রিপোর্ট করেন না বলে জানান।
এই চার প্রতিষ্ঠানে নিবন্ধিত কোনো প্যাথলজিস্ট পাওয়া না গেলেও নাম ঠিকানা ছাড়াই খালি রিপোর্ট ফর্মে চিকিৎসকের স্বাক্ষরযুক্ত বেশ কিছু ফরম পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে দুইটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ‘উল্লেখযোগ্য’ পরিমাণ রাসায়নিক উপাদান পাওয়া গেছে।
এসব অভিযোগে বনানীর ১৭ নম্বর রোডের গালফ মেডিকেল সেন্টারকে ১৫ লাখ টাকা, পাশের আল-আবির চেকাপ সেন্টারকে ছয় লাখ টাকা, বনানীর ১৩ নম্বর রোডের নোভা মেডিকেল সেন্টারকে আট লাখ টাকা এবং পাশের আলযাবের মেডিকেল সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. শাহজাহান এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্ববধায়ক মো. মনির হোসেন এবং নিপা চৌধুরী উপস্থিত ছিলেন।
