ছায়ানটে সুফিয়া কামাল স্মরণ
স্মারক বক্তৃতা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালকে স্মরণ করল ছায়ানট।
কবি সুফিয়া কামালের ১৭তম মৃত্যুবার্ষিকী রোববার সন্ধ্যায় ধানমণ্ডিতে ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কথক পর্বে অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি প্রাবন্ধিক মফিদুল হক।
তিনি বলেন, ১৯৬১ সালে পাকিস্তানের সামরিক সরকার রবীন্দ্র শতবর্ষ উদযাপনে বাধা দেয়। এর প্রতিবাদ থেকেই পরের বছর সুফিয়া কামালের নেতৃত্বে ছায়ানটের প্রতিষ্ঠা।
মফিদুল হক বলেন, “সুফিয়া কামালকে একক পরিচয়ে সীমিত করা অসম্ভব। দুর্ভাগ্য তাকে আজীবন তাড়া করেছে। নানা সংগ্রামের মধ্য দিয়ে তার পথচলা।
পরে ‘জননী সাহসিকতার উৎস সন্ধানে: প্রসঙ্গ ১৯৭১’ শিরোনামে সুফিয়া কামাল স্মারক বক্তৃতা রাখেন অধ্যাপক ফারজানা সিদ্দিকা। সুফিয়া কামাল কীভাবে ‘জননী সাহসিকা’ হয়ে উঠলেন তার ব্যাখ্যা দিলেন এই অধ্যাপক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সংগীত পরিবেশনা। ‘ধন ধান্য পুষ্প ভরা’–গানে শুরু হয় সংগীত সন্ধ্যা। পরে সুমা রায় শোনান দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আজি নূতন রতনে’ গানটি। দ্বিজেন্দ্রলাল রায়ের ‘তুমি যে হে প্রাণের বঁধূ’ গেয়ে শোনান জান্নাত ই ফেরদৌসী। তারপর তার ‘একবার গাল ভরা মা ডাকে!’ গানটি পরিবেশন করে ছায়ানটের শিক্ষার্থীরা।
রজনীকান্তের ‘যদি পার হতে তোর’ গানটি ছিল সম্মিলিত পরিবেশনা। ‘সখা তোমারে পাইলে’ গানটি শোনান নাসিমা শাহীন ফ্যান্সি, ‘মধুর সে মুখখানি’ গেয়ে শোনান সুমন মজুমদার।
অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনায়।
