২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উগ্রবাদ দমনে সুপ্ত মনুষ্যত্ব বোধ উদীপ্ত করার ডাক

জঙ্গিবাদসহ উগ্র মতাদর্শ দমনে সুপ্ত মনুষ্যত্ব বোধকে উদীপ্ত করার মাধ্যমে শান্তির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 12:30 AM

Updated : 20 Aug 2022, 02:17 PM

শবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ‘মানবতা ও সম্প্রীতির সম্মেলন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশনার আয়োজন করে সংগঠনটি।

সম্মিলন পরিষদের অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক নাসিহুন আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সম্প্রীতির কথা বলছি, মানবতার কথা বলছি। আমাদের উদ্দেশ্য হলো সংস্কৃতির মধ্যে দিয়ে মানবতার জাগরণ ঘটানো।”

তিনি আরও জানান, “হলি আর্টিজেনের হামলার পর থেকেই আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি এবং সমগ্র বাংলাদেশে মানবতা ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা হাতে নেই।

“ঢাকায় আয়োজিত এ সম্মেলনটি সেই পরিকল্পনার ফসল। এর আগেও দেশের ১০-১২ টি স্থানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি।”

সাংস্কৃতিক অনুষ্ঠানে মানবতার জয়গান গেয়ে যাওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের গান ও কবিতা পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় বিকেল সাড়ে ৫টায়, চলে সাড়ে ৭টা পর্যন্ত।

অনুষ্ঠানে জাতীয় সম্মিলন পরিষদের সভাপতি সনজীদা হক, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, মফিদুল হক ও ডা. সারোয়ার আলী ছাড়াও অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

নাসিহুন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তাদের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও দেশের বর্তমান অরাজকতাকে রুখে মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

অনুষ্ঠানে বুক বেঁধে তুই দাঁড়া দেখি, দুর্গমগিরি কান্তার মরু, জয় হোক জয় হোক, মানুষ হ মানুষ হ, হিমালয় থেকে সুন্দরবন, ফুল খেলবার দিন নয় অদ্য, মানুষ ছেড়ে খ্যাপারে তুই ও যশোর খুলনা বগুড়া শীর্ষক ‘সম্মেলক সঙ্গীত’ পরিবেশনা করা হয়।

এছাড়াও কথন, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন সনজীদা খাতুন,বীজন চন্দ্র মিস্ত্রী, ফাহমিদা খাতুন, বুলবুল ইসলাম, লাইসা আহমদ লিসা, মফিদুল হক, খায়রুল আনাম শাকিল সহ আরও অনেকে।