সংখ্যালঘুদের ওপর হামলা ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’: গওহর রিজভী
দেশের সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলার ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করে তা মোকাবেলা সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
শনিবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, “দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটছে।এগুলো অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ। এর নেতিবাচক প্রভাব বহির্বিশ্বেও পড়ছে।সন্ত্রাসবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
“বাংলাদেশ অসাম্প্রদায়িক, উদার গণতান্ত্রিক দেশ। অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ডের গভীরে গিয়ে এর সূত্র নির্ণয় করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাসবাদ: সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের প্রচেষ্টায় বিশ্ব সম্প্রদায়ের সম্পৃক্ততা’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান সমিতি।
এতে গওহর রিজভী বলেন, “সমাজকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোনো ধরনের সন্ত্রাস গ্রহণ করবে না। মসজিদ, মন্দির প্রতিটি ঘরে ঘরে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ দিতে হবে।”
সাম্প্রতিক সময়ের এই ‘অভ্যন্তরীণ সন্ত্রাস’ দেশের বাইরে থেকে প্রভাবিত মন্তব্য করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক এই উপদেষ্টা।
তিনি বলেন, “দুর্ভাগ্যজনক ভাবে সত্য, আমাদের অভ্যন্তরীণ সন্ত্রাস বাহির থেকে প্রভাবিত; আর আমরা হচ্ছি ভিকটিম। যখন হিন্দুদের উপর আঘাত করা হয়, তখন আমাদের সবাইকে আঘাত করা হয়।
“কেন প্রতিদিন, প্রতি সপ্তাহ সংখ্যালগুদের উপর হামলা করা হচ্ছে? কেন এক কমিউনিটি আরেক কমিউনিটিকে আঘাত করবে? তা গভীরভাবে ভাবার সময় এসেছে।”
তবে শেখ হাসিনার সরকার দক্ষতার সঙ্গে এসব সন্ত্রাসবাদ মোকাবেলা করছে, যা বিশ্ব সম্পদ্রায়ের প্রশংসা পাচ্ছে বলে মন্তব্য করেন গওহর রিজভী।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “পৃথিবীতে যে সংকট তৈরি হচ্ছে, তা বাংলাদেশেও লক্ষ্য করা যাচ্ছে। এটা শুধু দেশীয় কারণে নয়, এখানে বাহিরের যোগসাজশ থাকতে পারে।
“দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের উসকানি দিচ্ছে পাকিস্তান। অর্থ, প্রশ্রয় দিচ্ছে এই অসভ্য বর্বর পাকিস্তান। এই জন্য দক্ষিণ এশিয়ার শান্তির জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদ কিভাবে মোকাবেলা করা যায় তা ভাবার সময় এসেছে।”
তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের শিক্ষায় শিক্ষিত করা হলে জঙ্গিবাদ তাদের স্পর্শ করতে পারবে না বলে আশা প্রকাশ করেন অধ্যাপক আরেফিন।
“আমাদের ছেলে-মেয়েদেরকে মুক্তিযুদ্ধের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে জঙ্গিবাদ আমাদের তরুণ সমাজকে স্পর্শ করতে পারবে না। আমরা অসাম্প্রদায়িক জাতি, যারা বিভাজন সৃষ্টিতে তৎপর তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।”
রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্যার সভাপতিত্বে অন্যদেরে মধ্যে বক্তব্য দেন অধ্যাপক এমিরিটাস আবদুল মোমেন, তথ্য কমিশনার অধ্যাপক খুরশিদা বেগম সাঈদ ও রাষ্ট্রবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুর রহমান ।
