স্ত্রীর গায়ে অ্যাসিড ছুড়ে স্বামী গ্রেপ্তার
রাজধানীতে বাকবিতণ্ডার জের ধরে এক নারী পোশাক শ্রমিকের গায়ে তার স্বামী অ্যাসিড ছুড়ে মেরেছে।
শুক্রবার ভোরে পশ্চিম কাফরুলের এই ঘটনায় পারভেজ মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শের-ই-বাংলা থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় একটি টিনশেড ঘরে স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকেন পারভেজ।স্বামী-স্ত্রী দুজনেই পোশাক কারখানায় কাজ করেন।
“শুক্রবার রাত ৪টার দিকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দিলে বাসার কাছে থাকা মোটরসাইকেলের ব্যাটারির পানি (অ্যাসিড) বের করে পারভেজ তার স্ত্রীর শরীরে অ্যাসিড ছুড়ে।”
স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর দগ্ধ ওই নারীকে সোহরাওয়ার্দী হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ওসি গোপাল বলেন, পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
দগ্ধ ওই নারীর ভাই পাপ্পু সাংবাদিকদের জানান, তার বোন দর্জির কাজ করলেও পারভেজ কোনো কাজকর্ম না করায় তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত।
