২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতান্ত্রিক পদ্ধতিতে’ ইসি চায় ইইউ

আগামী নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ করতে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে ‘যথাযথ গণতান্ত্রিক’ প্রক্রিয়া অনুসরণের জন‌্য বাংলাদেশ সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের সদ‌্যসরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 10:03 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাতে জনগণের মৌলিক নাগরিক অধিকার যাতে ক্ষুণ্ন না হয় সেদিকে নজর দিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, নিরাপত্তা ও বাক স্বাধীনতার মধ‌্যে ‘যথাযথ ভারসাম‌্য’ রক্ষার কথা।

ইউরোপীয় পার্লামেন্টের (ইউপি)আন্তর্জাতিক বাণিজ‌্য বিষয়ক ছয় সদস‌্যের এই প্রতিনিধি দল গত ১৪ নভেম্বর ঢাকা আসেন।

ইউপি’র আন্তর্জাতিক বাণিজ‌্য বিষয়ক কমিটির চেয়ারপারসন বারন্ড লাঙ্গা নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি এরইমধ‌্যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, বাণিজ‌্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন।

এসব বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ‌্য গুরুত্ব পেলেও রাজনীতি নিয়েও কথা বলেছেন তারা।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে লাঙ্গা বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল।

“কিন্তু যেহেতু তোমরা আগামী নির্বাচন অনুষ্ঠানের দিকে এগোচ্ছ সেহেতু তোমাদের ইসি গঠন করতে হবে। আমরা আশা করি যথাযথ গণতান্ত্রিক পদ্ধতিতেএটা করা হবে।”

বাংলাদেশে কীভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরামর্শ দেননি লাঙ্গা। বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের সংবিধানে স্পষ্ট বলা আছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেছেন, ২৮ জাতির এই ব্লকের ভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠনে সব পক্ষের মতামতের ভিত্তিতে লোক নিয়োগ করা হয়।

“স্বাধীন থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করে।”

এখানে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রেও এটা অনুসরণ করা যেতে পারে বলে মন্তব‌্য করেন তিনি।

এই দলে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিষয়ক প্রতিনিধি দলের প্রধান জীন ল‌্যামবারট এবং আন্তর্জাতিক বাণিজ‌্য বিষয়ক কমিটির সদস‌্য আনিএস ইঊনগেরিউস, হানু টাকুল্লা, এডাম সিএনন্সফেন্ট ও বোলেস্লাভ পিএচা রয়েছেন।