২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরক্কো থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে মরক্কো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াজুল বাশার

ম‌ারাকাস (মরক্কো) থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 09:34 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

প্রধানমন্ত্রীর বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট বুধবার স্থানীয় সময় বিকাল সোয়া ৩টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ৯টা) মারাকেসের মিনারা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

বৃহস্পতিবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ২২) উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে সোমবার মারাকেস পৌঁছান শেখ হাসিনা। সম্মেলনে ৮০টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের উপস্থিতিতে মঙ্গলবার মরক্কোর মারাকাসের বাব ইগলিতে স্থানীয় সময় দুপুরে কনফারেন্স অব পার্টিস (কপ-২২)-এর উচ্চ পযায়ের সেগমেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।   

মঙ্গলবার রাতে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) পানি নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে তহবিল গঠনের প্রস্তাব করেন তিনি।

এ লক্ষ্যে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে সহায়তার জন্য ‘ওয়াটার এসডিজি’ নিয়ে একটি বৈশ্বিক তহবিল গঠনের প্রস্তাব দেন তিনি।

গত বছর প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নে এই সম্মেলনে একটি রূপরেখা তৈরি এবং তার বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।  

ঐতিহাসিক প্যারিস চুক্তির পর এটাই প্রথম বৈঠক হচ্ছে। প্যারিস চুক্তিকে প্রথমেই যে কয়টি দেশ রেটিফাই করেছে তারমধ্যে বাংলাদেশ অন্যতম।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের অন্যতম শিকার বাংলাদেশ। বিশ্বে এ বিষয়ক আলোচনা ও দরকষাকষিতেও বাংলাদেশ অন্যতম ভূমিকা পালন করে আসছে। 

মরক্কোতে অবস্থানের সময় শেখ হাসিনা মারাকেসের হোটেল লা মামোনিয়াতে অবস্থান করেন।

প্রধানমন্ত্রীর পাশাপাশি সম্মেলনে অংশ নিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।