২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের প্রশ্ন আর মুহিতের উত্তর

বাজেটের প্রস্তাব কীভাবে পাঠাব, গ্রামের শিক্ষার মান কীভাবে বাড়বে, খেলার মাঠ পাব কি না- কচি মনের এই ধরনের নানা প্রশ্নের মুখে পড়তে হল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 07:52 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

বুধবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে কাছে পেয়ে প্রশ্ন আর বায়নায় জর্জরিত করে একদল শিশু; অশীতিপর মুহিতও শান্ত থেকে একে একে ক্ষুদেদের কৌতূহলের খিদে মেটান।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শিশুদের বাজেট পাঠ সহায়িকা’ শীর্ষক এই অনুষ্ঠানটি ইউনিসেফের সঙ্গে যৌথভাবে আয়োজন করে অর্থ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে মুহিত বইটি ভালোভাবে পড়তে শিশুদের পরামর্শ দিয়ে বলেন, “এটা পড়লে তোমরা বাজেট বিশেষজ্ঞ হয়ে যাবে। আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। এত এত প্রতিদ্বন্দ্বী।

“তবে আমি আর বেশিদিন তোমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব না। আর সর্বোচ্চ দুটি বাজেট দিতে চাই,” এই মেয়াদ শেষে নিজের অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “তোমরাই একদিন প্রধানমন্ত্রী হবে, অর্থমন্ত্রী হবে, সচিব হবে।”

তৃতীয় মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী মুহিত আগামী বাজেটের বিষয়ে প্রস্তাব তুলে ধরার আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে একে একে শিশুদের প্রশ্ন আসতে থাকে।

এক শিশু প্রশ্ন করেন, “বাজেট সম্পর্কে মতামত কিভাবে মন্ত্রীর কাছে পৌঁছানো যাবে?”

“যুগ্ম সচিব থেকে সচিব-মন্ত্রী পর্যন্ত যে কারও নামে সচিবালয়ের ঠিকানায় পাঠালে সেটা তারা পেয়ে যাবেন,” উত্তর দেন মুহিত।

অর্থ সচিব মাহবুব আহমেদ এ প্রসঙ্গে বলেন, বাজেট ঘোষণার আগে জেলা পর্যায়ে শিশুদের নিয়ে কয়েকটি সভা করা হবে। অন‌্য যে কোনো শিশু চাইলে একক বা বন্ধুদের নিয়ে দলগতভাবে বাজেটের বিষয়ে পরামর্শ দিয়ে চিঠি দিতে পারবে মন্ত্রণালয়ে।

সুযোগ পেয়ে এক শিশু খেলার মাঠের সংখ‌্যা বাড়াতে পদক্ষেপ নিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে মন্ত্রী বিষয়টির গুরুত্ব অনধাবন করছেন জানিয়ে বলেন, “আমরা বলেছি, প্রত‌্যেক স্কুলের জন‌্য নির্দিষ্ট জায়গা থাকবে। হাই স্কুলে আমরা এক একর জমি চাই। সবখানে পাচ্ছি না।

“স্কুলে স্কুলে মাঠ করতে জমি না পাওয়ায় বিভিন্ন শহরে খেলার মাঠ বাড়ানোর জন‌্য কাজ করছি। সর্বশেষ আমাদের কেন্দ্রীয় কারাগার স্থানান্তর হওয়ার পর সেখানে আমরা খেলাধুলার ব‌্যবস্থা করব।”

মেয়েদের খেলাধুলার ব‌্যবস্থা করতে বিশেষ উদ‌্যোগ নেওয়ার কথাও বলেন মন্ত্রী।

বিয়াম মডেল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অদিতা রহমান জানতে চান, গ্রামের শিক্ষার মান উন্নয়নে সরকারের কোনো বাজেট আছে কি না?

জবাবে তিনি বলেন, “সারাদেশে শিক্ষার বাইরে থাকা শিশুর সংখ‌্যা কমে যাচ্ছে। বর্তমানে ৯৮ ভাগ শিশু স্কুলে যায়। তবে এদের মধ‌্যে অনেকে ঝরে পড়ে যায়। তবে এই ঝরে পড়ার হারও কমে গেছে। আমরা এই জন‌্য নানা উদ‌্যোগ নিয়েছি।

“আমরা সারা দেশে শিক্ষার মান উন্নয়নে প্রশিক্ষিত শিক্ষক দেওয়ার ব‌্যবস্থা করেছি। প্রাথমিক বর্তমানে শিক্ষার মান বেশ ভালো, মাধ‌্যমিকেও ভালো হবে। আমরা চাচ্ছি, সর্বোচ্চ ভর্তি, সর্বনিম্ন ঝরে পড়া।”

তাহমিনা আক্তার তরু নামে মিরপুর সরকারি দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের এক শিক্ষার্থী বলেন, “ব্লাইন্ড স্কুল থাকলেও হোস্টেলের সমস‌্যা রয়েছে। আর স্কুল শেষ করার পর সাধারণদের সঙ্গে পড়তে হয়। তাই আমাদের যদি একটা কলেজ হত, ভালো হত।”

জবাবে অর্থমন্ত্রী বলেন, “প্রস্তাবটি বিশেষ প্রস্তাব। প্রতিবন্ধীদের লেখাপড়ার যথেষ্ট অসুবিধা হয়। আমরা কিছু কিছু ব‌্যবস্থা করেছি। অন্ধদের জন‌্য স্বতন্ত্র কলেজ হলে সেটা ভালো হবে।”

এ বিষয়ে কথা বলতে মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগমকে আহ্বান জানান।

নাছিমা বেগম বলেন, “প্রতিবন্ধীদের নিয়ে আমরা অনেক কাজ করছি। দৃষ্টি প্রতিবন্ধীদের অনেকে ঢাকা বিশ্ববিদ‌্যালয়েও পড়ছেন। তাই দৃষ্টি প্রতিবন্ধীদের জন‌্য শুধু কলেজ না, কালক্রমে বিশ্ববিদ‌্যালয়ও প্রতিষ্ঠা হবে।”

আগামী বাজেটে শিশুদের নিয়ে কত শতাংশ বরাদ্দ দেওয়া হবে- হাফিজা আক্তার নামে এক শিশুর এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “এটা তো বলতে পারব না। আমরা বাজেটের কাজ শুরু করি মার্চ মাসে। তাই এখনই সেটা বলতে পারব না।”

অনুষ্ঠানে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, শিশুদের জন‌্য পর্যাপ্ত ও সমতাভিত্তিক সম্পদ বরাদ্দ এবং তার কার্যকর ব‌্যবহারে জাতীয় বাজেট একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ।

“এটি এখন ব‌্যাপকভাবে স্বীকৃত যে, শিশুরাই উন্নয়নের মূল চালিকাশক্তি। শিশুদের একটি সুন্দর জীবনের সূচনার সুযোগ দিতে তাদের পেছনে বিনিয়োগের চেয়ে কার্যকরি আর কোনো বিনিয়োগ নেই।”

শিশু বিষয়ক উদ‌্যোগে আগামী বাজেটে ২০ শতাংশ বরাদ্দ দেওয়ার দাবি জানান জাতিসংঘ সংস্থাটির এই কর্মকর্তা।