২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটনে বিরূপ পরিস্থিতি: মেনন

গত বছর দুই বিদেশির পর এই বছর গুলশান হত‌্যাকাণ্ড বাংলাদেশের পর্যটন খাতে যে বিরূপ প্রভাব ফেলেছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টার কথা বলেছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 08:55 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

২০১৬ সালকে সরকার পর্যটন বর্ষ ঘোষণার পর ওই তিনটি ঘটনার ধাক্কার কথা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে দুই দিনব্যাপী নবান্ন ও লোকজ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তুলে ধরেন তিনি।

মেনন বলেন, “মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কি পরিস্থিতিতে আমাদের পর্যটন বর্ষ পালন করতে হয়েছে। আমরা যখন যাত্রা শুরু করি, তখন চেজারে তাভেল্লা ও কুনিও হোশিকে হত্যা করা হয়।

“আমাদের দেশের যারা ইকোট্যুরিজমে বাইরে থেকে আসেন, একের পর এক তাদের বুকিং ক্যানসেল হয়ে যায়। এমনকি অভ্যন্তরীণভাবেও আমরা যারা ছুটি পেলে ঘুরতে যাই, তারাও থমকে দাঁড়ায়।”

ওই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতেই গত জুন মাসে গুলশানে ক‌্যাফেতে হামলা চালিয়ে ১৭ বিদেশিকে হত‌্যা করা হয়।  

“ঘটল হলি আর্টিজেনের মতো ঘটনা। অর্থাৎ সমস্ত দেশ এদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল। এখনও জাপানে-ইতালিতে, যে দেশের নাগরিকরা নিহত হয়েছেন, তারা বাংলাদেশের কথা শুনলে দু’বার চিন্তা করেন।”

তবে জঙ্গি দমনে সরকারের কঠোর অবস্থানে পরিস্থিতি বদলাতে শুরু করেছে দাবি করে এক্ষেত্রে জনগণকে সহযোগিতা অব‌্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।

জঙ্গিবাদ প্রতিরোধে নবান্ন উৎসব, পৌষমেলা, বর্ষবরণের মতো অনুষ্ঠানগুলো গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়ার উপর জোর দেন তিনি।

বাংলাদেশ ইয়ুথ অ‌্যান্ড স্টুডেন্টস ফোরাম ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

উদ্বোধনের পর দুপুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী লোক সঙ্গীত, লোকজ নৃত্য, ফসল তোলার গান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। মেলায় স্টল রয়েছে হস্তশিল্প, পিঠা-পুলি, মুড়ি-মুড়কি, পাটজাত পণ্য আর দেশজ পোশাকের। পর্যটন কর্পোরেশন তাদের খাবার নিয়ে সাজিয়েছে আলাদা স্টল।

নবান্ন উপলক্ষে ঢাকায় বিভিন্ন আয়োজনের মধ‌্যেই এই অনুষ্ঠানে যোগ দেন নানা পেশার মানুষ।