২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ডিআরইউ’র সদস্যদের ২২ সন্তানের সংবর্ধনা

উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী সাংবাদিক সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 09:27 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

শনিবার রাজধানী ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ডিআরইউ সদস্যদের ২২ কৃতি সন্তানের হাতে এ পুরস্কার ও বৃত্তি তুলে দেন।

২০১৬ সালের উচ্চ মাধ্যমিকে ১১ জন, মাধ্যমিকে ১০ এবং জেএসসিতে ভাল ফল অর্জন করে উত্তীর্ণ হওয়া একজনকে পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিয়ে উদ্বুদ্ধ করা খুবই গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে বিশ্ব মানের শিক্ষা ও দীক্ষা দিয়ে ‘অগ্র-বাহিনী সৈনিক’ ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী নাহিদ ডিআরইউ ক্যাম্পাসে আমরা কোম্পানিজ-এর অর্থায়নে ফ্রি ওয়াইফাই জোন ‘উই ওয়াইফাই’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করতে বক্তব্য রাখেন মাধ্যমিক পাশ করে যাওয়া শিক্ষার্থী তাবাসসুম মোস্তফা অথৈ।

ডিআরইউ সভাপতি জামালউদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ফ্রি ওয়াইফাই সার্ভিসদাতা প্রতিষ্ঠান আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ ও ইনডেক্স গ্রুপের পরিচালক কাইয়ুম নিজামী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জন্য ফ্রি ওয়াইফাই সার্ভিস চালুর জন্য আমরা নেটওয়ার্ককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই সার্ভিসের মধ্য দিয়ে ডিআরইউতে সাংবাদিকদের সংবাদ পরিবেশন কার্যক্রম আরো দ্রুততর হবে।’