গান নিয়ে আলোচনায় সৈয়দ হক স্মরণ
সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের লেখা গান নিয়ে আলোচনায় তাকে স্মরণ করেছেন শিল্পী, কবি, সতীর্থরা।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা বিভাগ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ।
সৈয়দ হকের গান এ আয়োজনের মূল প্রতিপাদ্য হলেও তার কর্মজীবনের নানা দিক উঠে আসে আলোচকদের কথায়।
তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে বাংলা সাহিত্যাঙ্গনে সবচেয়ে বেশি পদচারণা সৈয়দ হকের। তার সমুদয় সৃষ্টির মাঝে যেমন আছে দেশপ্রেম তেমনি আছে বিশ্বজনীনতা। তিনি নিজেকে একজন বিশ্ব নাগরিক ভাবতেই বেশি পছন্দ করতেন। বসনে-পরিচ্ছদে, চলনে-বলনে মার্জিত আধুনিক পুরুষ ছিলেন তিনি।
বাংলা সাহিত্যের অনন্য রূপকার সৈয়দ হককে নিয়ে আলোচনায় অংশ নেন কবি-শিল্পী হাসান মাহমুদ, শিল্পী মহাদেব ঘোষ, বিটিভি’র বার্তা বিভাগের উপ-পরিচালক ও শিল্পী নারায়ণ চন্দ্র শিং এবং আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ ঘোষ।
তারা বলছেন, গান, কবিতা, নাটক-উপন্যাসে সর্বোপরি লেখায় সৈয়দ হক দেশজ চেতনাকে নির্মাণ করেছেন পরম যত্নে। যা বিশ্বজনীন হয়ে উঠেছে। তিনি শিল্প-চেতনার, বুদ্ধিবৃত্তির, মননশীলতার যত্নশীল কারিগর।
শিল্প-চেতনা কিংবা মননশীলতা নিয়ে অন্ধের মতো পড়ে থাকেননি সৈয়দ হক। রাজনৈতিক চেতনাকেও শানিয়েছেন সমানভাবে। কবিতা, নাটক, উপন্যাস দিয়ে টেনে এনেছেন রাজপথে। দাঁড় করিয়েছেন বাস্তবতা-পরাবাস্তবতার মুখোমুখী।
সব্যসাচী লেখকের গান ও জীবন নিয়ে আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী আলম আরা মিনু, রফিকুল আলমসহ তরুণ শিল্পীরা।
তারা একে একে গেয়ে শোনান ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ফুলের মালা পড়িয়ে দিলাম’, সত্য সাহার সুর করা সৈয়দ হকের বিখ্যাত কবিতা ‘আমার পরিচয়’, ‘তোরা দেখ দেখরে চাহিয়া’, ‘চাঁদের সাথে তোমার দেবনা তোমার তুলনা’, অনেক সাধের ময়না আমার’র মতো বহুশ্রুত গানগুলো।
‘নূরুল দিনের সারা জীবন’ কবিতার বিখ্যাত লাইন ‘জাগো বাহে…’ দিয়ে আহ্বান জানানো হয় সমাগতদের।
