ই-গ্রন্থাগারে রূপান্তর হচ্ছে ৩০টি গ্রন্থাগার
কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০টি গ্রন্থাগার এবার ই-গ্রন্থাগারে রূপান্তর করা হচ্ছে।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন (বিএমজিএফ)- এর অর্থায়নে ‘লাইব্রেরিস আনলিমিটেড’ নামে এই প্রকল্প বাস্তবায়ন করছে ব্রিটিশ কাউন্সিল।
গণগ্রন্থাগার অধিদপ্তর ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ইতোমধ্যে কাজও শুরু হয়ে গেছে।
চলতি বছর ১৬ অগাস্ট গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার ও ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবার উইকহাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারক পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত হয় এবং ১৬ অগাস্ট থেকে তা কার্যকর হয়।
সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহাম উপস্থিত ছিলেন।
সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, এ প্রকল্পের আওতায় ১৮ মাসব্যাপী একটি পাইলট ফেজের জন্য ১.৮ মিলিয়ন ডলার (প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা) অর্থায়নে কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০ টি গ্রন্থাগারকে ই-গ্রন্থাগারে রূপান্তর করা হবে।
এর মধ্যে গণগ্রন্থাগার অধিদপ্তরের অধীনে ২৫টি এবং শিশু একাডেমি গ্রন্থাগার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এনজিও সংশ্লিষ্ট গ্রন্থাগারের সংখ্যা পাঁচটি।
পাইলট ফেজের ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী ফেজের উন্নয়ন কার্যক্রম নির্ধারিত হবে। সেক্ষেত্রে বিএমজিএফ-হতে ৩-৩.৫ মিলিয়ন মার্কিন ডলার (২৪ কোটি-২৮ কোটি টাকা প্রায়) ব্যয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
এ প্রকল্পের পাইলট ফেজ এ যেসব কার্যক্রম বাস্তবায়িত হবে সেগুলো হল- প্রচার, সংশ্লিষ্ট বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তাদের বিদেশে শিক্ষা সফর/প্রশিক্ষণ, প্রত্যাশিত লাইব্রেরির ডিজাইন করা এবং আধুনিক প্রযুক্তিগত সরঞ্জামের সমন্বয়ে তা বাস্তবায়ন, গণগ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত জ্ঞান বৃদ্ধি করা এবং প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন করা ।
