২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের সুফল পেতে এতে তরুণদের আগ্রহী করার আহ্বান স্পিকারের

গণতন্ত্রের সুফল পেতে তরুণদের এ সম্পর্কে আগ্রহী করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 07:55 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

তিনি বলেছেন, “কমনওয়েলথভুক্ত দেশসমূহের মোট জনসংখ্যার বিপুল অংশ তরুণ সমাজ। গণতন্ত্রের সুফল পেতে এই তরুণ সমাজকে গণতন্ত্র সম্পর্কে আগ্রহী ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে।”

বৃহস্পতিবার সংসদ ভবনের উত্তর প্লাজায় বাংলাদেশ জাতীয় সংসদ ও সিপিএ আয়োজিত ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন শিরীন শারমিন।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মূল্যবোধ, সংসদীয় গণতন্ত্র, জেন্ডার সমতা ইত্যাদি বিষয়ে তরুণ সমাজকে অবহিতকরণ ও শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে সিপিএ ‘ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এবছর মার্চে বাংলাদেশ থেকে এ কর্মসূচি শুরু হয় এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে বছরব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

স্পিকার বলেন, “বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদেরকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে অবহিতকরণের লক্ষে আজ এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা সংসদ সদস্যদের সাথে মতবিনিময়ের সুযোগ পেয়ে গণতন্ত্র সম্পর্কে তাদের ধ্যান ধারনার উৎকর্ষ সাধনে সক্ষম হয়েছে।”

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দিপু মনি ও সংসদ সদস্য পংকজ নাথ বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য মো. মাহবুব আলী, সাগুফতা ইয়াসমিন, উম্মে কুলসুম স্মৃতি এবং সংসদ সচিব আবদুর রব হাওলাদার।

অনুষ্ঠানে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নটরডেম কলেজের ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়।