প্রাথমিক ও গণশিক্ষা বোর্ড গঠনের সুপারিশ
প্রাথমিক ও গণশিক্ষা বোর্ড গঠনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সেই সঙ্গে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের জন্য স্বতন্ত্র ছাপাখানা করার পরামর্শও দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে জানান কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন।
বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে স্থায়ী কমিটির সভাপতি জানান, মঙ্গলবার ৩১তম বৈঠক হয়েছে; গত ৩০তম বৈঠক পর্যন্ত ১০৫টি সুপারিশ করা হয়। এরমধ্যে মাত্র ২৭টি কার্যকর হয়েছে, চারটি প্রক্রিয়াধীন রয়েছে। বাকি ৭৪টি সুপারিশ বাস্তবায়ন হয়নি।
মন্ত্রণালয়ের কাজে গতি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মোতাহার হোসেন বলেন, “এবারই প্রথম প্রাথমিক পাঠ্যপুস্তকে প্রধানমন্ত্রীর বই বিতরণের রঙিন ছবি সম্বলিত (ব্যাক কাভার) করা হয়েছে, সঙ্গে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের স্লোগান রয়েছে।”
পরে জানতে চাইলে এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরে শ্রেণি অনুযায়ী বিভিন্ন প্রচ্ছদ থাকবে বইয়ে।
“তবে এবারই প্রথম সব স্তরের বইয়ের পেছনের পৃষ্ঠায় ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ স্লোগানসহ প্রধানমন্ত্রীর বিনামূল্যে বই বিতরণের ছবি থাকছে। ইতোমধ্যে ছাপানো সব বইয়ে তা রয়েছে। কমিটির আগের সুপারিশের ভিত্তিতে তা বাস্তবায়ন হচ্ছে।”
কমিটির সভাপতি মোহাহের হোসেন সাংবাদিকদের জানান, প্রতিবছরের ন্যায় এবারও ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।এবার প্রায় ২৩ কোটি পাঠ্যপুস্তক ছাপানো কাজ প্রায় শেষ।
“এপর্যন্ত (৩ নভেম্বর-২০১৬) ৫০ ভাগ ছাপানো সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে ,৩০ নভেম্বরের মধ্যে শতভাগ ছাপানোর কাজ শেষ হবে এবং ১৫ ডিসেম্বরের মধ্যে সব উপজেলায় বই পৌঁছে যাবে।”
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা বোর্ড গঠনের সুপারিশ করা হয়। এছাড়া এনসিটিবি’র ছাপাখানার অনুরূপ প্রাথমিক কারিকুলাম অনুযায়ী স্বতন্ত্র ছাপাখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
“কমিটি ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তকের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রী’র বই বিতরণের ছবিসহ শ্লোগান ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ অন্তর্ভুক্ত করে যথাসময়ে শিক্ষার্থীদের নিকট বই পৌছানোর সুপারিশ করে।”
কমিটি সরকারিকরণ বিদ্যালয়ে তৃতীয় ধাপের শিক্ষকদের বেতন ভাতা আগামী সাতদিনের মধ্যে দেওয়ার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্যে বলেছে। এছাড়া জাতীয় শিক্ষা নীতি ১০ অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্তির বিষয়টি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।
বৈঠকে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আবুল কালাম, আলী আজম ও মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ উজ জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
