২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনে সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন

ঋতু বদলের পালায় দমকা হাওয়া, ঝড়ো বৃষ্টির রেশ পড়েছিল রাজধানীর সংস্কৃতি অঙ্গনেও;  ছুটির দিনে সংস্কৃতি অঙ্গনে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। ‘নভেম্বর রেইনে’র দিনে তবুও উদ্বোধন হয়েছে আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিকথায় স্মরণ করা হয়েছে অগ্রজ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে, কোথাও ছিল বইয়ের প্রকাশনা উৎসব, কোথাও আবার ছিল গানের অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 01:39 AM

Updated : 11 Oct 2022, 09:00 PM

রণেশ দাশগুপ্ত স্মরণে উদীচী

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা, সাহিত্যিক-সাংবাদিক রণেশ দাশগুপ্তকে স্মরণ করেছে সাংস্কৃতিক সংগঠনটি।

রণেশ দাশগুপ্তের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উদীচী ঢাকা মহানগর সংসদ এই স্মরণ সভার আয়োজন করে, যাতে সভাপতিত্ব করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ।

এতে রণেশ দাশগুপ্তের সংগ্রামী জীবনের নানা দিকের উপর আলোকপাত করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম বলেন, “রণেশ দাশগুপ্ত আজীবন একটি অসাম্প্রদায়িক মৌলবাদমুক্ত সাম্যবাদী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে লড়াই-সংগ্রাম করে গেছেন।

“একজন তুখোড় সাংবাদিক, বিজ্ঞ সাহিত্যিক, অসামান্য প্রাবন্ধিক হিসেবে রণেশ দাশগুপ্ত তাঁর জীবনকালে সবসময়ই তার আশপাশের মানুষকে শিখিয়ে গেছেন কীভাবে সৎ থেকে, নিজের আদর্শে অটল থেকে সমাজ পরিবর্তনের স্বার্থে ইতিবাচক কাজ করা যায়।”

উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, “রণেশ দাশগুপ্ত ছিলেন একজন শৃঙ্খলাপরায়ণ ও দৃঢ়চেতা মানুষ। তিনি মনে করতেন শিল্পীরা যখন সংগঠক হিসেবে আবির্ভূত হন তখন সংগঠনকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য তিনি সবসময়ই সচেষ্ট ছিলেন।”

ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি অধ্যাপক এ এন রাশেদা বলেন, “একজন ক্ষুরধার বুদ্ধিজীবী রণেশ দাশগুপ্ত শ্রমিক শ্রেণীর জন্য সহজবোধ্য ভাষায় প্রবন্ধ রচনা এবং বক্তব্য রাখার মাধ্যমে খুব সহজেই তাদেরকে আপন করে নিতে পারতেন।”

১৯১২ সালে জন্মগ্রহণ করা রণেশ দাশগুপ্ত ১৯৯৭ সালের ০৪ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন।

অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন উদীচী কাফরুল শাখার সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য, ঢাকা মহানগর সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য সুমিত পাল। এছাড়া, সংগীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা।

অলিয়ঁস ফ্রসেজে ‘নভেম্বর প্যারিস’

আলোকচিত্রী সুমন ইউসুফের প্যারিস সফরের তোলা ২১টি আলোকচিত্র নিয়ে অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে ‘নভেম্বরে প্যারিস’ শিরোনামের এক আলোকচিত্র প্রদর্শনী। 

প্যারিস ঘুরতে গিয়ে সেই শহরের প্রেমে পড়েছিলেন আলোকচিত্রী সুমন ইউসুফ। ‘আর্টিস্ট রেসিডেন্সি’ প্রোগ্রামের ফাঁকে তিনি তুলতে থাকেন শহরের নানা স্থাপত্য ও নাগরিক দিনযাপনের ছবি।

১৩ নভেম্বর ভোজবাজির মতো উল্টে গেল সব, কয়েকটি ধারাবাহিক জঙ্গি হামলায় ১৩০ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হন। সুমনের জন্য এই ভালোবাসার শহরটি রূপান্তরিত হয় কান্না এবং শোকের শহরে।  এই মর্মান্তিক মুহূর্তে সুমন আকঁড়ে ধরলেন তার ছবিগুলোকে। ফ্রেমবন্দি করলেন মর্মান্তিক সেই মুহূর্তের।  তার তোলা সেসব ছবি নিয়েই সাজানো হয়েছে এই প্রদর্শনী।

শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের।

সুমন ইউসুফ ২০১৫ সালে ইয়ান আর্থুছ ব্যারর্থার তত্ত্বাবধানে ফাউন্ডেশন অলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত জলবায়ু পরিবর্তনের উপর একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন । 

প্রদর্শনীটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।  সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

গানে গানে কলিম শরাফীকে স্মরণ

কার্তিকের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভেজা সন্ধ্যা মুখরিত হয়ে উঠেছিলো রবীন্দ্রনাথের গানে গানে।

বাংলাদেশের রবীন্দ্রসংগীত চর্চার অন্যতম পুরোধা কলিম শরাফীর মৃত্যুদিবস ছিল ২ নভেম্বর। ২০১০ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

কলিম শরাফীর ষষ্ঠ প্রয়াণবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজন করে একটি স্মরণ ও সঙ্গীতাঞ্জলির অনুষ্ঠান।

‘না গো এই’ গানটি পরিবেশন করেন শিল্পী মকবুল হোসেন। তপন কুমার সরকার শোনান ‘আমি চঞ্চল হে’। সাঈদা হোসেন পাপড়ি শোনান ‘তুমি তো সেই যাবেই চলে’।

এছাড়াও একক গান পরিবেশন করেন শিল্পী তপন মাহমুদ, সাদী মহম্মদ, সাজেদ আকবর, প্রমোদ দত্ত, মহাদেব ঘোষ, খন্দকার আবুল কালাম, খন্দকার খাইরুজ্জামান কাইয়ুম, পীযুষ বড়–য়া, মাখন হাওলাদার, মামুন জাহিদ খান, বিষ্ণু মণ্ডল, অভিক দেব, সালমা আকবর, অদিতি মহসিন, অনিমা রায়, তানজিনা তমা, ফাহমিদা হোসেন প্রমূখ। এছাড়াও ছিল বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার শিল্পীদের কয়েকটি দলীয় পরিবেশনা।

অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা কলিম শরাফীকে নিয়ে স্মৃতিচারণ করেন।

এল প্রকৃতি-নিসর্গ নিয়ে তিন গ্রন্থ

প্রকৃতি ও নিসর্গ নিয়ে প্রকাশনা প্রতিষ্ঠান ‘কথাপ্রকাশ’ প্রকাশ করেছে তিনটি গ্রন্থ। ‘কথাপ্রকাশ’ আয়োজিত এ অনুষ্ঠান সাজানো ছিলো গানে গানে। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বই তিনটির প্রকাশনা উৎসব।

‘কথাপ্রকাশ’ ইতোমধ্যে প্রকৃতি ও নিসর্গ নিয়ে কৃতী নিসর্গীদের বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।

বিপ্রদাশ বড়ুয়া রচিত ‘অভিমানী নদী ও নিসর্গ’ বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। মোকাররম হোসেন রচিত ‘তুমি বৃক্ষ আদি প্রাণ’ গ্রন্থের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। জায়েদ ফরিদ রচিত ‘উদ্ভিদস্বভাব- গাছপালার বিচিত্র জীবনকথন’ বইটির প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী।

প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে চিত্রশিল্পী হাশেম খান এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি উপস্থিত ছিলেন।

আলোচক ছিলেন নিসর্গবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা, ইনাম আল হক এবং ফিলিপ গাইন। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সম্পা দাস। এছাড়াও ছিল কথক নৃত্য সম্প্রদায়ের পরিবেশনা।