২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্টের সাবেক ডিজি মাবুদের বিষয়ে ‘ব‌্যবস্থা নেবে’ দুদক

পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আব্দুল মাবুদের ‘দুর্নীতির’ খবর জেনে তার বিষয়ে ব‌্যবস্থা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বাংলাদেশ পুলিশ সার্ভিসের প্রথম ব্যাচের কর্মকর্তা মাবুদ অতিরিক্ত আইজিপি ছিলেন। ২০০৯ সালে পাসপোর্টের ডিজির দায়িত্ব নিয়ে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর তিনি অবসরে যান।

বুধবার দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে মাবুদের ব‌্যাংক হিসাবে ‘কোটি কোটি টাকা’ লেনদেনের খবর আসে।

এবিষয়ে জানতে চাইলে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে।

“আমাদের কার্যবিধি অনুযায়ী এখন এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।”

মাবুদের বাড়ি যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে। ২০১৫ সালে অবসর নেওয়ার পর তিনি বর্তমানে একটি ব্যাংকের পরিচালক হিসেবে কর্মরত।

যুগান্তরে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মাবুদ পাসপোর্টের ডিজি পদে যোগ দেওয়ার আগে তার এবং তার স্ত্রী নাসিমা খানের নামে চারটি ব্যাংক হিসাব ছিল। কিন্তু ২০০৯ সালে ডিজি হওয়ার পর থেকেই তাদের নামে একাধিক ব্যাংকে হিসাব খোলা শুরু হয়। এর মধ্যে এবি ব্যাংকের ধানমন্ডি শাখাতেই তাদের ১৬টি এফডিআর বা স্থায়ী আমানতের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।

গুলশানের একটি ব‌্যাংকে তার হিসাবে কয়েক কোটি টাকার সন্ধান পাওয়া গেছে বলেও যুগান্তরের প্রতিবেদনে বলা হয়।

তবে মাবুদ অবৈধ পথে অর্থ উপার্জনের অভিযোগ নাকচ করে যুগান্তরকে বলেছেন, তার সুনাম ক্ষুণ্নে এসব কথা বলা হচ্ছে।