২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্র সাংবাদিক আফতাব হত্যার বিচার শেষের পথে

একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার রায় চলতি নভেম্বরেই হতে পারে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

ঢাকার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন‌্য ১৪ নভেম্বর দিন ঠিক করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সালাহউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্পর্শকাতর, জনগুরুত্বসম্পন্ন মামলাটিতে এ মাসেই রায় হতে পারে।”

মঙ্গলবারই যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারিত ছিল। কিন্তু আসামিপক্ষে নতুন একজন জ্যেষ্ঠ আইনজীবী নিয়োজিত হওয়ায় তাদের পক্ষে সময় চাওয়া হয়।

আসামিপক্ষের নতুন আইনজীবী হলেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন।

মামলার আসামিরা হলেন আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সি, মো. সবুজ খান ও মো. রাসেল।

মামলায় রাষ্ট্রপক্ষে ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়। কোনো আসামিই তাদের পক্ষে আদালতে কোনো সাক্ষী হাজির করেননি।

আসামিদের মধ্যে হাবিব, বিল্লাল ও হুমায়ুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে নিজের বাসায় খুন হন আফতাব আহমেদ। পরদিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মামলাটিতে গত বছর ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ডাকাতিসহ হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩৯৬ ধারায় আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ২৪ জুলাই অভিযোগ গঠন করে আদালত।

আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন আফতাব আহমেদ।

১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে তার আলোকচিত্র সাংবাদিকতার শুরু। ২০০৬ সালে কর্মজীবন থেকে অবসর নেন তিনি। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।