২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি মেডিকেলের লাগাম টানতে রাজনৈতিক চাপে নত হব না: নাসিম

পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছাড়া গড়ে ওঠা বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ কাজে কোনো রাজনৈতিক চাপে নত হবে না সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 04:13 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করে তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

নাসিম বলেন, “বেসরকারি মেডিকেল কলেজগুলোর লাগাম টানার সময় এসেছে। জরিপ করে দেখা হচ্ছে, যেগুলো নীতিমালা মেনে তৈরি করা হয়নি, এগুলো বন্ধ করে দেওয়া হবে।

“কোনো ধরনের রাজনৈতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না।”

ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে চারদিনব্যাপী এই ক্যাম্পে সংগঠনের সদস্য ও তাদের পরিবারকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশে যত্রতত্র ডায়াগনস্টিক সেন্টার গড়ে ওঠায় ক্ষোভ প্রকাশ করেন।

“সারাদেশে বেসরকারিভাবে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। পাড়া-মহল্লায় এভাবে ডায়াগনস্টিক সেন্টার পৃথিবীর আর কোথাও দেখবেন না। এভাবে আর হতে দেওয়া যাবে না।”

ডায়ানস্টিক সেন্টারের দৌরাত্ম্য বন্ধে শিগগিরই নীতিমালা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা নীতিমালা করছি, হাসপাতালের সীমানা থেকে কতদূরে, কতগুলো ডায়াগনস্টিক সেন্টার হতে পারবে; ডায়াগনস্টিক সেন্টার করার যোগ্যতা- এসব এর মাধ্যমে ঠিক করা হবে।”

ডিআরইউ সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, ডায়াবেটিসের স্ক্রিনিং ও পরামর্শ দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। বুধবার হৃদরোগ, বৃহস্পতিবার চক্ষু চিকিৎসা এবং শেষদিন শুক্রবার সংগঠনের নারী সদস্যদের বিশেষ সেবা দেওয়া হবে।

ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক শাহজাদা সেলিম, নভো নরডিক্সের হেড অব মার্কেটিং মোহাম্মদ সাইফুল বক্তব্য দেন।

বিএসএমএমইউ, নভো নরডিক্স, বেক্সিমকো ফার্মা এবং দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে ডিআরইউর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়।