তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
শিশু বিষয়ে আইনের অস্পষ্টতা নিয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ পালন না করায় তিন সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ সোমবার এই আদেশ দেয় বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির জানান।
আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়র সচিবকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুলে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।”
রাষ্ট্রপক্ষের নথি থেকে জানা যায়, চার শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ঢাকা, কক্সবাজার ও রংপুরের চার মামলার প্রাপ্তবয়স্ক চার আসামি হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেন। চারটি মামলার মধ্যে দুটি করা হয় শিশু আইনে, অপর দুটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, একই অপরাধে পৃথক দুটি আইনেই মামলার বিধান রাখা হয়েছে, যার অধীনে সাজাও আলাদা। কিন্তু কোন প্রেক্ষাপটে কোন আইনে মামলা হবে তার কোনো ব্যাখা কোনো আইনেই নেই।
“এ কারণে গত ১৪ অগাস্ট আদালত তিন সচিবকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে বলে। তাদের কাছ থেকে সেই ব্যাখ্যা আসেনি বলে নতুন রুল হয়েছে।“
প্রথম আদেশের দিন থেকে এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বপদে আছেন। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. জিল্লার রহমান গত অক্টোবরে এই পদে যোগ দিয়েছেন।
সেক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান সচিবের বিরুদ্ধেই রুল হবে বলে মনিরুজ্জামান কবির জানান।
