সিটিসেলের আবেদনের শুনানি পিছিয়েছে
তরঙ্গ বন্ধের আদেশ স্থগিত চেয়ে দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেলের আবেদনের শুনানি পিছিয়েছে।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে আবেদনটি শুনানির জন্য সোমবারের কার্যতালিকায় ছিল।
কিন্তু সিটিসেলের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের ব্যক্তিগত অসুবিধা থাকায় শুনানি হয়নি বলে অপর আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুনানি অ্যাডজর্নমেন্টের জন্য আমাদের একটা আবেদন ছিল, সেই আবেদন অনুসারে আজকে শুনানি হয়নি। কালকেই হবে বলে আদালত বলেছে।”
বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, “আজ শুনানি হয়নি। কার্যতালিকায় আসলে কাল শুনানি হবে।”
সরকারের পাওনা পৌনে পাঁচশ কোটি টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় গত জুলাই মাসে সিটিসেলের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)। পরের মাসে তাদের নোটিসও দেওয়া হয়।
এর পর ৯ অগাস্ট সিটিসেলের আবেদনে সাড়া দিয়ে টাকা পরিশোধসাপেক্ষে কার্যক্রম চালিয়ে যেতে দুই মাস সময় দেয় আপিল বিভাগ।
রেজা-ই-রাকিব সেদিন সাংবাদিকদের বলেছিলেন, ১৭ অগাস্টের আগ পর্যন্ত সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি টাকা দুই দফায় পরিশোধ করতে হবে। তাছাড়া ১৭ অগাস্টের পর থেকে প্রতিদিন বিটিআরসি আরও ১৮ লাখ টাকা করে পাওনা হচ্ছে। প্রতিদিনের এই টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়ে আদালত বলেছে, টাকা না পেলে বিটিআরসি যে কোনো পদক্ষেপ নিতে পারবে।
এরপর গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করার পর ওইদিন সন্ধ্যায় বিটিআরসির কর্মকর্তারা র্যাব-পুলিশ নিয়ে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে ঢুকে তরঙ্গ বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করেন।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সেদিন জানান, একমাসের প্রথম কিস্তিতে নির্ধারিত ৩১৮ কোটি ৪২ লাখ টাকার মধ্যে সিটিসেল মাত্র ১৩০ কোটি টাকা পরিশোধ করেছে।
গত ২৫ অক্টোবর তরঙ্গ বাতিলের সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গের সংযোগ দেওয়ার নির্দেশ চেয়ে সিটিসেলের আবেদন শুনে চেম্বার আদালত তা ৩১ অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়।
১৯৮৯ সালে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে লাইসেন্স পায় বাংলাদেশ টেলিকম লিমিটেড (বিটিএল), যা পরে মালিকানার হাতবদলে সিটিসেলে পরিণত হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ কোম্পানির ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড।
এছাড়া সিঙ্গাপুরের সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট লিমিটেড এর ৪৫ শতাংশ এবং ফার ইস্ট টেলিকম লিমিটেড ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ারের মালিক।
