উদীচীর চার যুগ পূর্তি উদযাপন
প্রতিষ্ঠার চার যুগ পূর্ণ করেছে সাংস্কৃতিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠনটি।
অনুষ্ঠানের শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। ‘এখন দুঃসময় আর নয় দেরি নয়’, ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে’সহ বেশ কয়েকটি গান গেয়ে শোনান তারা।
এরপর বয়াতী গান পরিবেশন করেন প্রখ্যাত লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি ও তার দল। দুটি লোক আঙ্গিকের প্রতিবাদী গান পরিবেশন করেন সাইদুর রহমান বয়াতির শিষ্য আবুল বাশার বয়াতি।
এরপর শুরু হওয়া আলোচনা পর্বে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, উদীচী কানাডা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য আজিজুল মালিক, উদীচী যুক্তরাজ্য শাখার নেতা ও কেন্দ্রীয় সংসদের সদস্য রফিকুল হাসান জিন্নাহ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার এবং উদীচী’র অন্যতম উপদেষ্টা সাইদুর রহমান বয়াতি বক্তব্য রাখেন।
ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান বলেন, “প্রতিষ্ঠার ৪৮ বছরে উদীচীর উপর বরাবরই আঘাত হেনেছে প্রতিক্রিয়াশীল, মৌলবাদী চক্র।
“১৯৯৯ সালে যশোরে দ্বাদল জাতীয় সম্মেলন এবং ২০০৫ সালে নেত্রকোনা উদীচী কার্যালয়ে বোমা হামলায় শিল্পী-কর্মীরা প্রাণ দিয়েছেন। কিন্তু সত্য প্রতিষ্ঠার সংগ্রাম, ন্যায়ের সংগ্রাম, মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম থেকে উদীচীকে কখনও বিচ্যুত করা যায়নি। আর কখনও বিচ্যুত করাও যাবে না।”
অধ্যাপক বদিউর রহমান বলেন, “যিনি একবার জীবনে উদীচীর আঙ্গিনায় পা রেখেছেন, তিনি কখনো সাবেক হতে পারেন না। উদীচীতে কোনো সাবেক নেই, সবাই বর্তমান। শারীরিকভাবে সক্রিয় না থাকলেও মানসিকভাবে কেউ কখনো উদীচী থেকে বিচ্ছিন্ন হতে পারেন না।
“তারা যেখানেই যান না কেন, সবসময়ই উদীচীর আদর্শকে ধারণ করে জীবন সংগ্রামে লিপ্ত হয়েছেন। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মানুষের অধিকার আদায়ের লড়াকু কণ্ঠস্বর, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত ও সাম্যবাদী সমাজ গঠনে লড়াই-সংগ্রামের সংগঠন উদীচী।” বলেন উদীচীর এই অগ্রজ কর্মী।
আলোচনা সভার পর গান ও আবৃত্তি পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী-সংগ্রামী সত্যেন সেন এবং সাহিত্যিক সাংবাদিক রণেশ দাশগুপ্তসহ সেসময়কার কয়েকজন প্রগতিশীল চিন্তা-চেতনাসম্পন্ন অসাম্প্রদায়িক ভাবধারার মানুষের হাত ধরে তৈরি হয় সাংস্কৃতিক সংগঠন উদীচী।
