রূপপুরের জন্য দক্ষ জনবল তৈরির তাগিদ সংসদীয় কমিটির
রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ আসে।
বৈঠক শেষে কমিটির সদস্য ইমরান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দক্ষ জনবল খুব জরুরি। এরই মধ্যে কিছু জনবল প্রশিক্ষণের জন্য বিদেশে গেছে। এজন্য কমিটি মন্ত্রণালয়কে এ সুপারিশ করেছে।”
প্রশিক্ষিত জনবলের বেতন-ভাতা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ইমরান আহমেদ বলেন, “রাশিয়া থেকে যে জনবল প্রশিক্ষণ নিয়ে আসবে তারা এসেই যদি টেস্ট হিসেবে রূপপুর কেন্দ্রে কাজ করে তাহলে রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তারা যেখানে প্রশিক্ষণ নেবে সেখানেই কোনো প্রকল্পে কাজ করে এলে অভিজ্ঞতা বাড়বে। এ বিষয়টি খেয়াল রাখার জন্য বলা হয়েছে।”
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, প্রকল্প ব্যবস্থাপনার কাজে দক্ষতা বাড়ানোর জন্য ইতোমধ্যে ভারতে ৫৫ জন কর্মকর্তার ‘ফাউন্ডেশন কোর্স অন নিউক্লিয়ার এনার্জি’ বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। এ বছর ডিসেম্বর নাগাদ আরও ৩০-৩৫ জন কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে রূপপুর প্রথম পর্যায় প্রকল্পে ৮২ জন এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে ৪০ জনকে নিয়োগ করা হয়েছে।
কার্যপত্রে বলা হয়, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দুই হাজার ৫৩৫ জন কর্মী প্রয়োজন হবে। এই জনবলের মধ্যে এক হাজার ৪২৪ জনকে রাশিয়ায় প্রশিক্ষণ দেওয়া হবে। বাকিদের প্রশিক্ষণ দেওয়া হবে দেশীয় প্রশিক্ষকের মাধ্যমে।
বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালন, রক্ষণাবেক্ষণে কারিগরি সেবার জন্য রাশিয়ার পাশাপাশি ভারতের সাথে ‘সার্ভিস কনট্রাক্ট’ এর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা ও নিরাপত্তার জন্য ৪৭ জন শিক্ষার্থীকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ উচ্চশিক্ষার জন্য রাশিয়া পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
১৯৬১ সালে পদ্মা নদীর তীরে রূপপুরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও তা প্রকল্পের চেহারা নিতে অর্ধশতক পার হয়ে যায়। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এ প্রকল্পে গতি আসে; চুক্তি হয় রাশিয়ার সংস্থা রোসাটমের সঙ্গে, নির্মাণ কাজের দায়িত্ব পায় এটমস্ট্রয় এক্সপোর্ট।
এই কেন্দ্রের মূল পর্যায়ের নির্মাণ কাজ আগামী জানুয়ারিতে শুরু করা যাবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার, যার ৯০ শতাংশ রাশিয়া ঋণ হিসেবে দেবে। কেন্দ্র থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে, তার প্রতি ইউনিটের দাম পড়বে সাড়ে তিন টাকা।
২০১৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। এরপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় কোম্পানি গঠন করতে সংসদে বিল পাস হয়।
আইন অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা থাকবে বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের হাতে। কেন্দ্রটি পরিচালনা করবে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ’।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নতুন গবেষণা রিঅ্যাক্টর স্থাপন করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ইমরান আহমেদ, আয়েন উদ্দিন এবং নুরুল ইসলাম মিলন অংশ নেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বৈঠকে যোগ দেন।
