২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনা রোধে ‘মনিটরিং সেল’ গঠনের দাবি

সড়ক দুর্ঘটনা নিরসনে উদ্যোগ বাড়ানো ও সরকারের পরিকল্পনাতে স্বচ্ছতা আনতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি শক্তিশালী ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 08:50 PM

Updated : 20 Aug 2022, 01:59 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিয়ারিউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিসচা-এর চেয়ারম্যান অভিনেতা কাঞ্চন এই দাবি জানান।

তিনি বলেন, “সড়ক নির্মাণে আসা বিদেশি সাহায্যের সঠিক ব্যবহার ও সরকারি সব উদ্যোগ তখনই শতভাগ কার্যকর হবে যখন একটি শক্তিশালি মনিটরিং সেল থাকবে।

“বিদেশি সাহায্যের সঠিক ব্যবহারের পাশাপাশি পরিকল্পনাতেও স্বচ্ছতা আনা জরুরি। এক্ষেত্রে ভুমি, স্থানীয় সরকার, সড়ক ও সেতু মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করতে হবে।”

নিরাপদ সড়ক চাই’র মনিটরিং টিমের পর্যবেক্ষণের বরাত দিয়ে এবছর দুই ঈদের ছুটিতে ১৪০টি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০৫ জন নিহত হওয়ার খবর দিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন।

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৬’ এবং জাহানারা কাঞ্চনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ অক্টোবর ঢাকাসহ দেশব্যাপী র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি হাতে নিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

এবারের প্রতিপাদ্য বিষয়, ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে।’

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, শনিবার ঢাকায় সড়ক দিবসের র‍্যালিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং ঢাকা মেট্রোপলিটন কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

র‍্যালিটি বেলা ১০ ঘটিকায় রাজধানীর শিল্পকলা একডেমির সামনের সড়ক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে একটি সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে নিসচা’র মহাসচিব শামীম আলম দীপণ, যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বুলবুল এবং লিটন এরশাদ সহ সগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।