২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক নিয়ন্ত্রণে অনুসন্ধানী সাংবাদিকতায় প্রজ্ঞার ফেলোশিপ

তামাক নিয়ন্ত্রণ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতায় উৎকর্ষতা অর্জনে ফেলোশিপ চালুর ঘোষণা দিয়েছে তামাক বিরোধী সংগঠন ‘প্রজ্ঞা’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 01:00 AM

Updated : 20 Aug 2022, 01:59 PM

২০১৭ সাল থেকে চালু হতে যাওয়া এই ফেলোশিপের জন্য চলতি বছরের ৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফেলোশিপ প্রস্তাবনা নিয়ে আগ্রহীদের আবেদন করতে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার প্রজ্ঞার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়ে বলা হয়, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন ও তামাক পণ্যে কার্যকর করবৃদ্ধি ঠেকাতে তামাক কোম্পানির কূট-কৌশল উন্মোচন করে চলমান তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো বেগবান করাই এই ফেলোশিপের মূল লক্ষ্য।

এর আওতায় তামাক কোম্পানির কূটকৌশল/আগ্রাসন/হস্তক্ষেপ বিষয়ে নিবিড় অনুসন্ধানের লক্ষ্যে চার জনকে ফেলোশিপ প্রদান করা হবে।

ফেলোশিপ প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে দুটি বিষয় নির্ধারণ করা হয়েছে, যার প্রতিটি বিষয়ে দুইজনকে ফেলোশিপ প্রদান করা হবে।

এই দুইটি বিষয়ের মধ্যে রয়েছে তামাকপণ্যে কার্যকর করারোপ প্রতিরোধ বা বাধাগ্রস্ত করতে সরকারি সংস্থাসমূহের (যেমন, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয়) ওপর তামাক কোম্পানির প্রভাব/হস্তক্ষেপ ও কূট-কৌশল উন্মোচন।

আর দ্বিতীয়টি হচ্ছে তামাক চাষ নিয়ন্ত্রণ নীতি প্রণয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করতে সরকারি সংস্থাসমূহে (যেমন, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়) এর ওপর তামাক কোম্পানির প্রভাব/হস্তক্ষেপ ও কূটকৌশল উন্মোচন।

নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সর্বসাকুল্যে ৭০ হাজার টাকা সম্মানী প্রদান করা হবে।

আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রজ্ঞার (বাড়ি-৬ (৪র্থ তলা, পূর্ব দিক), মেইন রোড-৩, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, ঢাকা-১২১৬) ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ার/ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগ্রহীদের আবেদনপত্র পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে।