অসদাচরণ: তিনজনের অ্যাডভোকেটশিপ বাতিল
পেশাগত অসদাচরণের প্রমাণ পাওয়ায় তিন আইনজীবীর অ্যাডভোকেটশিপ বাতিল করেছে তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিলের পৃথক ট্রাইব্যুনাল থেকে ঢাকা আইনজীবী সমিতির সদস্য মিনারা খাতুন লাকি এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য শফিউল আজম চৌধুরী ও তসলিম উদ্দিনের বিরুদ্ধে এ রায় আসে।
মঙ্গলবার কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১১ সালে মোসাম্মৎ বিউটি নামে একজন বার কাউন্সিলে অভিযোগ করেন, মিনারা খাতুন লাকি বাদীর স্বামীকে একটি মামলায় জামিন করে দেবেন মর্মে একটি ভুয়া, বানোয়াট ও সাজানো জামিননামা এবং রিলিজ আদেশ তৈরি করে বাদীর নিকট থেকে অতিরিক্ত আদায় করার উদ্দেশ্যে প্রতারণা করেছেন।
অন্যদিকে চট্টগ্রাম বারের শফিউল আজম চৌধুরী ও তসলিম উদ্দিনের বিরুদ্ধে মোসাদ্দেক হোসেন চৌধুরীর নামে এক ব্যক্তির অভিযোগ বার কাউন্সিল ট্রাইব্যুনাল-১ নিষ্পত্তি করে বলে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, “মোসাদ্দেক হোসেনের অভিযোগ, মামলায় নিয়োজিত আইনজীবী হিসাবে মামলার বিষয় অবগত থাকা স্বত্ত্বেও মামলায় এ দুইজন পরস্পর যোগসাজশে নালিশী সম্পত্তি নিজ ও স্ত্রীদের নামে রেজিস্ট্রি বায়নানামা তৈরি করেছেন, যা পেশাগত অসদাচরণের অপরাধ ও বার কাউন্সিল অ্যাক্টস ও বিধির পরিপন্থি।”
এ কারণে শফিউল আজম ও তসলিমকে আইন পেশা থেকে স্থায়ীভাবে অপসারণের রায় এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
