২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো শুরু হচ্ছে ‘চ্যানেল আই-ইয়ং লিডার্স’ প্রতিযোগিতা

‘তারুণ্যই শক্তি, মেধাবী তরুণ-তরুণীরাই দেশের ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে ‘ইয়ং লিডার্স প্রোগ্রাম (ওয়াইপিএল)’-এর চতুর্থ পর্ব শুরু করেছে চ্যানেল আই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

শনিবার সকালে রাজধানীর ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়াইপিএল- এর লোগো উম্মোচন করা হয়, যাতে রাজনীতিবিদ, অধ্যাপক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “উচ্চশিক্ষা লাভ করলেই হবে না, দেশ ও দেশের মানুষকেও ভালোবাসতে হবে। দেশের মানুষকে ভালবাসতে পারলে তবেই উচ্চ শিক্ষা কাজে লাগবে। তখনই প্রকৃত মেধাবীর মূল্যায়ন সম্ভব হবে।”

যেকোনো ক্ষেত্রে সাফল্য পেতে তরুণদেরকে নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, “যেকোনো ক্ষেত্রে সাফল্য পেতে একটি নির্দিষ্ট গন্তব্য থাকা চাই। তা না হলে লাইনচ্যূত হওয়ার আশঙ্কা আছে, নিজের পরিচয়ে বড় হওয়া উচিত। এটা গৌরব থাকে, সম্মান বাড়ে।”

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “শুধু দক্ষ হলেই চলবে না, যোগ্যতা সম্পন্ন হতে হবে। দক্ষতা দিয়ে সব কিছু অর্জন করা যায় না; যোগ্যতা বলেই অর্জন সম্ভব।

“মন যদি শক্তিশালী না হয়, তখন দক্ষতা কোনো কাজে আসে না। মনকে শক্তিশালী করতে হবে। অবিরত প্রেরণায় উদ্ভাসিত হয়ে পথ চলবে। তবেই মহৎ শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তোলা সম্ভব।”

লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন।

এবারের অনুষ্ঠানে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  বরাবরের মতো এবারও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে দেশের শীর্ষস্থানী ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

লিডার প্রোগ্রামস অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পাল করবেন ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির ও সামিদ গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।

বিচারক হিসেবে থাকবেন তাসলিম আহমেদ। মেনটর হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফ নোমান খান।

এবারের প্রতিযোগিতায় ১০০ শিক্ষার্থীর মধ্য থেকে সেরা ১০ জনকে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম ও মালয়েশিয়ার স্বনাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দেওয়া হবে।  সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করা শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

এজন্য ২৫ অক্টোবরের মধ্যে www.ylpchi.com - ওয়েব পেইজে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।