এক আততায়ীকে নিয়ে আতঙ্ক ঢাকার দক্ষিণখানে
দুই মাসের ব্যবধানে দুই গৃহকর্ত্রী খুন, আর দুজন জখম; চারটি ক্ষেত্রেই বাড়ি ভাড়া নেওয়ার অজুহাত দেখিয়ে ঢোকা, সব ক্ষেত্রেই হামলার অস্ত্র চাপাতি, ধারণা সব হামলায়ই এক ব্যক্তি- এই আততায়ীকে নিয়ে আতঙ্কে রয়েছে রাজধানী ঢাকার উত্তর প্রান্তের দক্ষিণখান এলাকার বাসিন্দারা।
গত ২৫ জুলাই শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কী কারণে চারটি বাড়িতে এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটেছে কিংবা কে করেছে, তা এখনও বের করতে পারেনি পুলিশ।
সর্বশেষ হত্যাকাণ্ডের এক মাস পর মঙ্গলবার দক্ষিণখানে গিয়েও মানুষের চোখেমুখে দেখা গেছে ভয়ের ছাপ। অচেনা মানুষের জন্য ঘরের ফটক খুলতেও ভয়।
চেষ্টা চালিয়ে যাচ্ছি- দক্ষিণখান থানার ওসি সৈয়দ লুৎফর রহমানের এই কথায়ই আশ্বস্ত হতে পারছেন না রাজধানীর প্রান্ত সীমার ওই এলাকার বাসিন্দারা।
“পাশের বাসায় খুন হওয়ার পর সবাই খুব ভয়ে আছি। পুলিশ মেইন রাস্তা দিয়ে যাতায়াত করে, গলিতে খুব কম আসে। তাই ভয়টা অনেক বেশি,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন দক্ষিণ গাওয়াইর এর ৭১৪ নম্বর বাড়ির ভাড়াটিয়া তাসলিমা বেগম।
এই দক্ষিণ গাওয়াইরেই একটি বাড়িতে খুন হয়েছেন এক গৃহকর্ত্রী। সেখানকার চায়ের দোকানে মঙ্গলবার বসে থাকা সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আমানউল্লাহ বলেন, “চার দশক ধরে এখানেই আছি। আগে কখনও এমন ঘটেনি। ঘটনাটা কেন ঘটছে, তা জানতে না পারলে বোধহয় কারও ভয় কাটবে না।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বাড়িতে ঢোকার সময় হামলাকারীর পোশাক থাকে অত্যন্ত পরিপাটি। তাকে দেখে মনে হয়ে যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা। তার পরনে থাকে ফুল হাতা শার্ট ও নরমাল প্যান্ট। কাঁধে ঝোলানো থাকে ব্যাগ।
একটি বাড়ি থেকে একটি ভিডিও ফুটেজও সংগ্রহ করা হয়েছে বলে জানান দক্ষিণখানের ওসি লুৎফর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিকটিমদের পরিবারের বর্ণনা ও একটি ভিডিও দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, একই ব্যক্তি এই ঘটনা ঘটচ্ছে। কেন এমন ঘটনা ঘটছে বা ওই ব্যক্তিটির পরিচয় কী, জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।”
পুলিশের কাছে থাকা ওই ভিডিও ফুটেজটি গাওয়াইর এলাকার এক ‘ভিকটিমের’ আত্নীয়ের বাসা থেকে সংগ্রহ করা। ওই বাসায়ও ওই ব্যক্তি ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা বলে ঢুকেছিলেন।
তবে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি গৃহকর্ত্রীকে বলেছিলেন, “খালা, বাসা তো দেখলাম কিন্তু কোনো লাভ তো হল না।”
গত ৭ সেপ্টেম্বর ওই বাসায় সুবিধা করতে না পেরে এক ঘণ্টার মধ্যে গাওয়াইরের আরেকটি বাসায় ঢুকে গৃহকর্ত্রী ওয়াহিদা আক্তার সীমাকে মাথায় কুপিয়ে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি লুৎফর বলেন, “একজন বিকৃত মানসিকতার লোক এই জাতীয় ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তাকে সিরিয়াল কিলার বলে মনে হচ্ছে। হত্যায় তার টার্গেট বাড়ির মধ্যবয়সী গৃহকর্ত্রী।
“হত্যার সময় সে চাপাতি ব্যবহার করে ওই নারীদের মাথায় কুপিয়ে আহত করে। এরপর চাপাতি ফেলে ওই নারীর কাছে থাকা সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায়।”
তবে কোনো ক্ষেত্রেই গৃহকর্ত্রী ছাড়া অন্য কারও উপর হামলা হয়নি। হামলাকারী ঘরে ঢুকে অন্য কোনো জিনিস লুটও করেনি।
ঘটনা-১
গত ২৫ জুলাই; দক্ষিণ খানের আশকোনা মেডিকেল রোডের ২৩৫ নম্বর বাড়িতে হানা দেয় হামলাকারী, ওই বাড়ির চতুর্থ তলার একটি বাসা সাবলেট নেওয়ার কথা বলে ঢোকে।
সেখানে গৃহকর্ত্রী মাহিরা বেগমকে (৫০) কুপিয়ে জখম করে পালিয়ে যান হামলাকারী। ওই ঘটনায় দক্ষিণখান থানায় একটি মামলাও হয়েছে। তা করেছেন মাহিরার মেয়ে জাহিদা বেগম।
জাহিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ১১টায় এক যুবক বাসা সাবলেট নেওয়ার কথা বলে ঢুকে। তারপর মাকে মাথায় দুটি ও গলায় একটি কোপ দিয়ে পালিয়ে যায়।”
ঘটনা-২
গত ২১ অগাস্ট পূর্ব মোল্লারটেকের তেতুলতলার শেখ ইয়াসিন রোডের ৪০ নম্বর বাসায় হানা দেয় আততায়ী।
ওই বাড়ির তৃতীয় তলায় হামলার শিকার হয়ে মারা যান সুরাইয়া বেগম। হামলাটি হয়েছিল মাহিরার উপর আক্রমণের মতোই।
ওই বাড়িতে পালকপুত্র নাজমুল হুদা শাওন (২৮) এবং পক্ষাঘাতগ্রস্ত স্বামী মো. ইউনুছ মিয়াকে নিয়ে দোতলায় থাকতেন সুরাইয়া।
নিহতের ভাই মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন তলার ভাড়াটিয়া চলে গেছে বলে ওই বাসার চাবি আমার বোনের কাছেই ছিল। বিকালের দিকে তিন তলায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাকে। বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে তাকে হত্যা করা হয়েছে।”
শাওন বলেন, “ভাড়াটিয়া এলে আম্মাই বাসা দেখাতেন। সেদিন আমি বাসায় ছিলাম না। ভাড়াটিয়া বেশে কেউ এসে আম্মাকে কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে।”
এই ঘটনায় দক্ষিণখান থানায় হত্যা মামলা করেছেন সুরাইয়ার ভাই শাহজাহান।
“পুলিশ একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছে, কিন্তু আমরা তো কাউকে দেখি নাই। তাই চিনতেও পারছি না,” বলেন শাওন।
ঘটনা-৩
গত ৩১ অগাস্ট আজমপুর মুন্সি মার্কেট সংলগ্ন ৮১/৩৯ নম্বর ফ্ল্যাটে একই কায়দায় ঢুকে মোছাম্মৎ জেবুন্নিসা (৫৬) নামের এক নারীকে কুপিয়ে জখম করা হয়। জেবুন্নেছার সঙ্গে থাকা প্রায় ৪ ভরি ওজনের সোনার অলঙ্কার লুট হয়।
ছেলে কাউসার আহমেদ বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের দিকে ওই যুবক এসেছিল।
“কলিংবেল টিপলে বাসার মেয়েটা (গৃহকর্মী) দরজা খুলে দেয়। ওই যুবক বলে যে গৃহকর্ত্রী আছে কি না, সে বাড়ি ভাড়া নিতে চায়।
“মা তিন তলার বাসা দেখাতে যাওয়ার আধ ঘণ্টা পরও ফিরে না আসালে আমি যাই। গিয়ে দেখি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মা, পাশেই পড়ে আছে রক্তমাখা একটা চাপাতি।”
হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২২ দিন থাকার পর গত শনিবারই বাড়িতে আনা হয়েছে জেবুন্নাহারকে।
কান্নাজড়িত কণ্ঠে বাপ্পী বলেন, “মা আমাদের চিনতে পারেন, কিন্তু তার কী হয়েছিল, কিছু বলতে পারেন না। তার দৃষ্টিশক্তিও হারিয়ে গেছে। আমাদের জীবনটা একদম তছনছ হয়ে গেছে।”
দক্ষিণখানে অনেক বছর ধরে থাকে এই পরিবারটি। এলাকায় কারও সঙ্গে কোনো শত্রুতা নেই বলেও জানান বাপ্পী।
ঘটনা-৪
গত ৭ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে গাওয়াইরের ৭১৫ নম্বর বাড়িতে ভাড়াটিয়া বেশে ঢোকে হামলাকারী যুবক।
বাড়ির মালিকের মেয়ে শারমিন আক্তার শোভা তিন তলা থেকে সেদিন ‘কেঁচি গেইট’ খোলার জন্য চাবি ফেলেছিল। তার মা ওয়াহিদা আক্তার সীমা (৪৪) ছয় তলার ফ্ল্যাট দেখাতে নিয়ে গিয়েছিল ওই যুবককে।
সীমার স্বামী কাতার এয়ারলাইন্সের কর্মকর্তা সোহরাব হোসেন সেদিন ছেলেকে নিয়ে কুমিল্লায় একটি পারিবারিক কাজে গিয়েছিলেন।
পরে কিছুক্ষণ পর শোভা ছয় তলায় গিয়ে মার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।
সোহরাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বাসায় আসার ঠিক এক ঘণ্টা আগে কাছেই আমার মামী শ্বাশুড়ির বাসায় ভাড়াটিয়া সেজে ওই যুবক গিয়েছিল।
“তাকে বাসা দেখতে বলা হলে প্রথমে সে বলেছিল, এখন লোকজন আছে বলে কাজ করা সম্ভব হবে না। তারপর জোর করা হলে সে বাসায় ঢুকেছিল। তবে বেরিয়ে যাওয়ার সময় বলেছিল- ‘খালা, বাসা তো দেখলাম, কিন্তু কোনো লাভ তো হল না।”
সোহরাবের ধারণা, ওই যুবকই ওই বাসা থেকে তার বাসায় এসেছিল।
সোহরাবের ওই স্বজনের বাড়ির সিসি ক্যামেরায় ওই যুবকের ছবি ধরা পড়ে।
“ওই ভিডিওর যুবকের শারীরিক গঠন ও পোশাকের সঙ্গে আমার বাসায় আসা যুবকের মিল পাওয়া গেছে বলে আমার মেয়ে জানিয়েছে। তবে মুখ ক্যামেরায় দেখা যাচ্ছে না। তাই পুরোপুরি শনাক্ত করা সম্ভব হচ্ছে না,” বলেন সোহরাব।
আতঙ্কে মাইকিং
এই চারটি ঘটনার পর নিয়মিত উঠোন বৈঠক থেকে শুরু করে মাইকিংও করা হচ্ছে এলাকায়। এলাকাবাসী অচেনা কাউকে সন্দেহের চোখে দেখছেন।
পুরো এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে সেলুন, কাঁচামাল ব্যবসায়ী এমনকি রিকশাচালকদের মুখেও আতঙ্কের কথা শোনা গেছে।
রিকশাচালক আবুল কাসেমকে গাওয়াইরের কোন বাড়িতে খুন হয়েছে, জানতে চাইলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেন।
৭১৪ নম্বর বাড়ির ভাড়াটিয়া তাসলিমা বলেন, “দিনে-দুপুরে খুন হল, আর কেউ ধরা পড়ল না, তাই ভয় একটু বেশিই লাগে।”
আশকোনা মেডিকেল রোডের তরকারি বিক্রেতা আবদুল মালেক বলেন, “এলাকায় বাসা নেওয়ার কথা বইলা এক লোক মহিলাগো মাইরা ফালাইতাছে শুনসি। এলাকার সবাই খুব ভয়ের মধ্যে আছি।”
দক্ষিণখান থানার ওসি লুৎফর বলেন, দুটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। তিনটি মামলা থানা পুলিশ এবং একটি মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
ওই খুনিকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
