নিহত কলেজ শিক্ষকের সহকারী রিমান্ডে
ঢাকার সোহরাওয়ার্দীকলেজের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক আলী হোসেন মালিককেহত্যার ঘটনায় তার এক সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার বনানীর ওল্ড ডিওএইচএসের একটি বাড়ি থেকে এই শিক্ষকের লাশ উদ্ধারের পর বুধবার তার সহকারী সেলিম মিয়াকে ঢাকার আদালতে নিয়ে যায় পুলিশ।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার এসআই আশিক ইকবালজিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতের আবেদন জানালে মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী ৫ দিন রিমান্ডের আদেশ দেন বলে আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ওল্ড ডিওএইচএসের ২ নম্বর রোডের ৫৩/এ নম্বর বাড়ি থেকে মঙ্গলবার সকালে আলী হোসেনের (৬৮) লাশ উদ্ধার করে পুলিশ।
ওই বাড়িটি আলী হোসেনের নয়। বাড়ির মালিক মো. বাবলুর ছেলে চার দিন আগে মালয়েশিয়ায় যাওয়ায় খালি বাসায় আলী হোসেনকে থাকতে বলেছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা আশিক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি পাওয়া যায়। শরীরে ছিল ছুরির আঘাতের চিহ্ন।”
আলী হোসেন সর্বশেষ রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। এর আগে বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছিলেন তিনি।
স্ত্রী ও এক ছেলেকে নিয়ে মিরপুর-১০ নম্বরের একটি বাসায় থাকতেন আলী হোসেন। চার দিন আগে ওল্ড ডিওএইচএসের বাড়িটিতে উঠেছিলেন তিনি।
