২০০ কোটি টাকার যন্ত্রপাতি পাচ্ছে ফায়ার সার্ভিস
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলার সক্ষমতা অর্জনের জন্য ২০০ কোটি টাকার উদ্ধার যন্ত্রপাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আগের দিন বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন বলে সরকারি এক তথ্যবিরণীতে বলা হয়।
এতে বলা হয়, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এবার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে’।
মন্ত্রীকে উদ্ধৃত করে তথ্যবিবরণীতে বলা হয়, “দুর্যোগ মোকাবেলায় বিশ্বের সাথে আমরাও পূর্ব প্রস্তুতির উপর গুরুত্বারোপ করতে চাই। বিশেষত জনসচেতনতার জন্য দুর্যোগ মোকাবেলার কৌশলগুলো জনগণকে অবহিত করতে চাই।
“ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলার কৌশল হিসেবে জনসচেতনতার পাশাপাশি দেশব্যাপী ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া করা হচ্ছে।”
এছাড়া সাইক্লোন মোকাবেলার কৌশল হিসেবে সাইক্লোনে উদ্ধার তৎপরতা চালানোর জন্য নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাবকে ছয়টি উদ্ধারকারী জাহাজ সরবরাহ করা হয়েছে। উপকূলীয় জেলাগুলোতে দেওয়া হয়েছে ১২টি ওয়াটার অ্যাম্বুলেন্স।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
২০১৫ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণার তথ্য জানিয়ে মন্ত্রী মায়া বলেন, বজ্রপাত মোকাবেলার আগাম সতর্কবার্তার সুযোগ নেই বললেই চলে। ভারী মেঘের আনাগোনা লক্ষ করে নিরাপদ আশ্রয়ে থাকলে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
দুর্যোগের বিভিন্ন আগাম বার্তা জানতে দেশবাসীকে ১০৯০ নম্বরে ফোন করারও অনুরোধ জানান তিনি।
দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আলোচনা সভা, পোস্টার সাঁটানো, প্রচারপত্র বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ, টেলিভিশনে টক-শো, সড়কদ্বীপ সাজ-সজ্জা ছাড়াও শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
