হাই কোর্টেও জামিন পাননি এমপি আমানুর
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা হাই কোর্টেও জামিন পাননি।
রোববার বিচারপতি মো. আবুল জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ তার জামিন ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার ও আব্দুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোশাররফ হোসেন সরদার।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এই সংসদ সদস্যের জামিন নাকচ করে দেয়।
আদালত পুলিশের পরিদর্শক আনোয়ারুল ইসলাম ওইদিন জানান, জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার কথা ইচ্ছার কথা জানিয়ে আমানুর জামিন চেয়েছিলেন।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। হত্যার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে এ বছর ৩ ফেব্রুয়ারি আমানুর ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
আমানুর ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
