বেসরকারি স্কুল-কলেজে নির্বাচিত শিক্ষকদের তালিকা রোববার
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হিসেবে কেন্দ্রীয়ভাবে নির্বাচিতদের তালিকা আগামী ৯ অক্টোবর রোববার প্রকাশ করবে সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই দিন সচিবালয়ে বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে করে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত ১৫ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ করবেন বলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কেন্দ্রীয়ভাবে শিক্ষক নির্বাচন করে দিতে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও সমপর্যায়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্যপদে ১৫ হাজার শিক্ষকের চাহিদা পেয়েছিল এনটিআরসিএ।
শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের আবেদন যাচাই-বাছাই করে এনটিআরসিএ শূন্য পদের বিপরীতে শিক্ষক নির্বাচিত করে তালিকা তৈরি করেছে। স্কুল-কলেজের পরিচালনা পর্যদকে বাধ্যতামূলকভাবে এই তালিকা অনুযায়ী নিয়োগ দিতে হবে।
প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সাড়ে ১৪ লাখ প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে এনটিআরসিএতে আবেদন করেছিলেন। এদের মধ্য থেকে ১৫ হাজার প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
