মেডিকেলে ভর্তি স্থগিতের জন্য রিট
চলতি বছর মেডিকেলে শিক্ষার্থী ভর্তি স্থগিত রাখতে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বৃহস্পতিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
কয়েকটি রুল জারির আর্জি জানিয়ে সেগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা থেকে বিবাদীদের বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিট আবেদনে।
মন্ত্রী পরিষদ সচিব, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক, একই অধিদপ্তরের পরিচালক (মেডিকেল শিক্ষা), স্বাস্থ্য সচিব, আইন সচিব, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এতে বিবাদী করা হয়েছে।
গতবছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসে ঘটনায় উচ্চক্ষমতা সম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়েছেন ইউনুছ আলী।
ভর্তি পরীক্ষায় ৪০ শতাংশ নম্বর পাওয়ার শর্ত দিয়ে জারি করা নোটিসও স্থগিত করার আদেশ চেয়েছেন তিনি।
রিট আবেদনের যুক্তিতে বলা হয়েছে, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অনুসারে ভর্তি নীতিমালা ও শর্ত নির্ধারণের এখতিয়ার কাউন্সিলের। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, একই অধিদপ্তরের পরিচালক (মেডিকেল শিক্ষা), স্বাস্থ্য সচিব, আইন সচিব কর্তৃত্ব বহির্ভূতভাবে ওই কাজটি করেছেন।
গণতদন্ত অনুসারে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠনে কেন নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে রিটে।
মেডিকেলে ৭ অক্টোবর এবং ৪ নভেম্বর ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে গত ২৯ অগাস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির ২, ৬, ৭, ৮ ক্রমিকের বিধান এবং তার ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানাতে রুলে নির্দেশনা চাওয়া হয়েছে।
ওই বিধানে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ হতে হবে অন্তত ৯.০০। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। ৪০ নম্বরের কম পেলে লিখিত পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য করা হবে। কেবল কৃতকার্য পরীক্ষার্থীরাই মেধা তালিকায় আসবে।
মেধা তালিকা তৈরির ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে আরও ২০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এসএসসির জিপিএ এর ১৫ গুণ এবং এইচএসসির জিপিএ এর ২৫ গুণ ধরে ওই ২০০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীর স্কোর হিসাব করা হবে।
রিটে বলা হয়, আগে এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে ১০০ নম্বরের মধ্যে স্কোর হিসাব করা হলেও এবারের বিজ্ঞপ্তিতে তা ২০০ করা হয়েছে। আর আবেদনের যোগ্যতার ক্ষেত্রে মোট জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৯ করা হয়েছে, যা ২০১১ সালের ‘শিক্ষানীতির লঙ্ঘন’।
ইউনুছ আলী বলেন, রিট আবেদন করার আগে তিনি বিবাদীদের উকিল নোটিস দিয়েছিলেন। তার জবাব না পেয়ে এই রিট আবেদন করেছেন।
২০১৫-১৬ শিক্ষা বর্ষের মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওই পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের একাংশের আন্দোলনের প্রেক্ষাপটে গত বছর ১৯ অক্টোবর অধ্যাপক আনু মুহাম্মদকে আহ্বায়ক করে একটি নাগরিক কমিটি হয়।
ওই কমিটির দেওয়া প্রতিবেদনে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে দাবি করে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়।
