রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
মঙ্গলবার বিকালে প্রধান বিচারপতি বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।”
এসময় এস কে সিনহা দেশব্যাপী বিচারকদের অফিস ও আবাসন সঙ্কটের বিষয় উল্লেখ করেন এর সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা চান বলেও জানান প্রেস সচিব।
প্রেস সচিব বলেন, “প্রধান বিচারপতি সাক্ষাতের সময় বলেন, বিচার বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনতে ডিজিটাইজেশন পদ্ধতি চালু করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতিকে জানান প্রধান বিচারপতি।”
প্রধান বিচারপতি এসময় তার সাম্প্রতিক রাশিয়া ও বেলারুশ সফরের বিষয়েও রাষ্ট্রপতিকেও অবহিত করেন।
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ঝুলে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।”
