‘এয়ার উইং’ হচ্ছে পুলিশের
পুলিশ বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করতে ‘এয়ার উইং’ গঠনে মন্ত্রণালয়ের নীতিগত দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি বলেন, “পুলিশ ফোর্সকে স্বয়ংসম্পূর্ণ করতে একটি এয়ার উইং গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।”
তবে কয়টি হেলিকপ্টার কেনা হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি মন্ত্রী।
“হেলিকপ্টার ক্রয় করতে যাচ্ছি; কয়টি ক্রয় করা হবে তা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে কিনব।”
আরেক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বাহিনীর মধ্যে থেকেই প্রশিক্ষণ দিয়ে এটা চালানোর ব্যবস্থা করব।”
প্রাথমিকভাবে কিছুটা সমস্যা হলেও বেসরকারিভাবে যারা হেলিকপ্টার চালায়, সেখান থেকে এবং বিমানবাহিনীর সহায়তায় পর্যায়ক্রমে এয়ার উইং গড়ে তোলা হবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে আরও শক্তিশালী করা হবে বলেও তিনি জানান।
